ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ১৩ ডিসেম্বর ২০২০

‘দারিদ্র্যবান্ধব নগর ব্যবস্থাপনা জোরদার করতে হবে’

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, দরিদ্র জনগোষ্ঠী যাতে সুন্দর জীবনযাপন করতে পারে, তা আমাদের খেয়াল রাখতে হবে। এজন্য দারিদ্র্যবান্ধব নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা জোরদার করতে হবে।

তিনি বলেন, সিটি করপোরেশনের একার পক্ষে এটি সম্ভব নয়। এজন্য সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসতে হবে। শহরে বসবাসরত দরিদ্রদের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, কমিউনিটি-ভিত্তিক সংগঠন শক্তিশালী করা, নারীদের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থান তৈরি করা, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আজ (রবিবার) সকালে নগরীর গুলশান ২ নম্বরে অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে অনুষ্ঠিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের উদ্যোগে ‘নারীর মর্যাদা ও সুরক্ষা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, নারীদের স্কিল ডেভেলপমেন্ট করতে আমাদের কাজ করতে হবে। স্কিল ডেভলপমেন্টের কোনও বিকল্প নাই। বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে, নারীরা যেন স্বাবলম্বী হতে পারেন, সেটি অবশ্যই করতে হবে। আর সেজন্য  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, আপনারা জেনে খুশি হবেন যে,  প্রধানমন্ত্রী কিছুদিন আগে বস্তিবাসীর জন্য কীভাবে স্থায়ী আবাসন করা যায়, সে ব্যাপারে আমাকে ব্যবস্থা গ্রহণ করতে বলেছেন। সেইদিন আর বেশি দূরে নয় যে, আমরা আমাদের হতদরিদ্রদের স্থায়ী আবাসন করতে পারবো। এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করে যাচ্ছি।

মেয়র আরো বলেন, ‘প্রতিদিন ঢাকায় ১৪ হাজার লোক আসছে। এটি সীমাবদ্ধ করে দেওয়া দরকার। যারা গ্রামে আছেন, তারা শহরে না এসে গ্রামে থাকুন। গ্রামে অনেক ডিমান্ড আছে। আপনারা জীবিকা নির্বাহ  গ্রামে থেকেও করতে পারবেন।’

বক্তব্য শেষে মেয়র প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ-সামাজিক উন্নয়ন তহবিলের এক কোটি ২২ লাখ ৭৭ হাজার ৮০৬ টাকা এবং অবকাঠামো উন্নয়ন তহবিলের এক কোটি ৪৩ লাখ ২৩ হাজার ৪২৯ টাকার চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ সরকার, ফরেন কমনওয়েলথ্ ডেভেলপমেন্ট অফিস এবং ইউএনডিপি’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নাধীন ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের উদ্যোগে ‘নারীর মর্যাদা ও সুরক্ষা’ শীর্ষক অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুল মান্নান, প্রকল্পের পরিচালন সমন্বয়ক শাহীন পারভীন ও ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নূর  বক্তব্য দেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়