ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩০, ১৪ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৩১, ১৪ ডিসেম্বর ২০২০

করোনা সার্টিফিকেট ছাড়া যাত্রী বহন করলেই ফ্লাইট স্থগিত

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া বিদেশ থেকে যাত্রী আনা এয়ারলাইনসকে বিভিন্ন মেয়াদে ফ্লাইট  পরিচালনা স্থগিত (সাসপেন্ড) রাখবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

রোববার এ বিষয়ে সতর্ক করে একটি নির্দেশনা জারি করেছে বেবিচক। নির্দেশনায় বলা হয়েছে, করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া যাত্রী আনলে কিংবা আক্রান্ত যাত্রী বহন করলে  এয়ারলাইনসকে বিভিন্ন মেয়াদে ফ্লাইট স্থগিতের মতো শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে।

বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্সের সদস্য গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী জিয়া উল কবির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে কয়েকটি এয়ারলাইনস যাত্রীদের পিসিআর নির্ভর কোভিড -১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া যাত্রী বহন করছে। কেউ কেউ করোনা আক্রান্ত যাত্রীও বহন করছে।

এতে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডে কোভিড মোকাবিলায় সরকারের নেওয়া উদ্যোগগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। বেবিচক সব এয়ারলাইনসকে আন্তর্জাতিক যাত্রী বহন সংক্রান্ত গত ৬ ডিসেম্বরের সার্কুলারটি মেনে চলার নির্দেশনা দিচ্ছে। তবে কোনো এয়ারলাইনস যদি এই নির্দেশনা না মানে তবে তাদের ফ্লাইট চলাচলে বিভিন্ন মেয়াদে স্থগিতাদেশ দেওয়া হবে।

কভিড সার্টিফিকেট ছাড়া বা কোভিড আক্রান্ত যাত্রী বহন করলে প্রথমবারের শাস্তি হিসেবে সেই এয়ারলাইনসের একটি শিডিউল ফ্লাইট স্থগিত করা হবে।

একই অপরাধ দ্বিতীয়বার করলে তিনটি শিডিউল ফ্লাইট আর তৃতীয়বারে এক সপ্তাহের জন্য সব ফ্লাইট স্থগিত করা হবে।

এছাড়াও চতুর্থবার এই অপরাধ করলে এয়ারলাইনসটির ফ্লাইট কমপক্ষে চার সপ্তাহের জন্য স্থগিত করা হবে। আদেশটি রোববার রাত থেকেই কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, গত কিছুদিন ধরে বিভিন্ন এয়ারলাইনস করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়াই যাত্রী বহন করছে। এমনকি করোনায় আক্রান্ত একজন রোগীকে বহন করেছে এয়ার এশিয়া।

এই ধরণের অভিযোগের কারণে জরিমানা গুনতে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মতো কোম্পানিকে। তাই এবার কঠোর পদক্ষেপ নিল বেবিচক।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়