আইনিউজ প্রতিবেদক
দেশে করোনার টিকা পেতে হলে করতে হবে অনলাইনে নিবন্ধন
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের বেক্সিমকো এবং ভারতের সিরাম ইন্সটিটিউটের মধ্যে একটি চুক্তির অধীনে যে পরিমাণ করোনাভাইরাসের টিকা কেনা হয়েছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে তারা যে টিকা পাবার আশা করছেন সব মিলিয়ে তার পরিমাণ হবে চার কোটি ৯০ লাখ ডোজ।
টিকা আসলে চলমান করোনা সঙ্কট থেকে পরিত্রাণ পাওয়ার আশাবাদ তৈরি হয়েছে জনমনে। তবে ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে সাধারণের মাঝে করোনার টিকা প্রদান চলছে।
কী প্রক্রিয়ায় দেওয়া হবে টিকা?
বাংলাদেশে করোনাভাইরাসের টিকা আসলেও সেটা কী প্রক্রিয়ায় পাওয়া যাবে এ বিষয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক ড. তাহমিনা শিরিন বিবিসিকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কোভিড-১৯ টিকা বিতরণের ব্যাপারে একটি জাতীয় পরিকল্পনা করা হয়েছে। সেই অনুযায়ী এখন কাজ করা হচ্ছে।
করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে আগে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশের সরকার। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের তথ্য দিয়ে এই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেই নিবন্ধনের ক্ষেত্রেও বয়স ও পেশা ভেদে অগ্রাধিকার তালিকা করা হবে।
তবে অনলাইনে টিকা নেওয়ার বিষয়ে কবে ও কীভাবে নিবন্ধনের কাজটি হবে, সেটি নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন ড. তাহমিনা শিরিন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, অনলাইনে নিবন্ধনের কাজে সহযোগিতা করবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচি ও আইসিটি বিভাগ।
এই পরিকল্পনায় টিকা দেয়ার ক্ষেত্রে বিশেষ বুথ স্থাপন করার কথা রয়েছে। জেলা বা উপজেলার হাসপাতাল, ইউনিয়ন পরিষদ কার্যালয়, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কেন্দ্র, ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয় কোভিড-১৯ টিকার বুথ হিসাবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা কোভিড-১৯ কমিটি নাগরিকদের পেশা, বয়স ইত্যাদি বিষয় বিবেচনায় রেখে একটি অগ্রাধিকার তালিকা করবে। সেই তালিকা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, পাসপোর্ট অনুযায়ী তাদের নাম নিবন্ধন করা হবে। পেশাজীবীদের নিজস্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্রও দিতে হবে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচীর মতো করোনাভাইরাসের টিকা দেয়ার সময়ও একটি কার্ড ব্যবহার করা হবে বলে পরিকল্পনায় রয়েছে। সেই কার্ডে টিকা গ্রহণকারী ব্যক্তির নাম, পরিচয়, পেশা, জন্মতারিখ, ঠিকানা ইত্যাদির পাশাপাশি তার যেসব শারীরিক রোগ বা অসুস্থতা রয়েছে, তারও বিবরণ থাকবে। কার্ডে করোনাভাইরাসের টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য পৃথক রং ব্যবহার করা হবে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























