ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ২১ ডিসেম্বর ২০২০

পাপিয়া দম্পতিকে রিমান্ডে নিল দুদক

ফাইল ছবি

ফাইল ছবি

মাদক ব্যবসা, জাল টাকা ও অনৈতিকভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াকে ও তার স্বামীকে রিমান্ডে নিয়েছে দুদক।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদার।

তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে অনুসন্ধান করা হয়েছে। অনুসন্ধানে ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকা আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। এ কারণে দুদক কর্তৃক একটা মামলা রুজু হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন।

দুদক সচিব আরও বলেন, দুদকের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের রিমান্ড চেয়েছেন। আদালত সদয় হয়ে সেই রিমান্ড মঞ্জুর করেন। সে কারণকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৯ সালের ১২ অক্টোবর থেকে চলতি বছরের ২২ ফ্রেব্রুয়ারি পর্যন্ত ওয়েস্টিন হোটেলের ২৫টি রুমে অবস্থান করে রুম-নাইট, রেস্তোরাঁর খাবার, মদ, স্পা, লন্ড্রি, মিনি বার ফুড বাবদ মোট তিন কোটি ২৩ লাখ ২৪ হাজার ৭৬১ টাকার বিল ক্যাশে পরিশোধ করেন পাপিয়া। ওয়েস্টিন হোটেলে থাকা অবস্থায় প্রায় ৪০ লাখ টাকার শপিং করেন। যার কোনো বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।

এছাড়া ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত পাঁচ বছরে বাসাভাড়া বাবদ ৩০ লাখ টাকা, গাড়ির ব্যবসায় বিনিয়োগকৃত এক কোটি এবং নরসিংদীতে কেএমসি কারওয়াশ সলিউশনে বিনিয়োগকৃত ২০ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকে পাপিয়া ও তার স্বামীর নামে জমাকৃত ৩০ লাখ ৫২ হাজার ৯৫৮ টাকারও কোনো বৈধ উৎস পাওয়া যায়নি অনুসন্ধানে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়