ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৮, ২২ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৪:২০, ২২ ডিসেম্বর ২০২০

‘একনেকে উঠছে ঢাকা-সিলেট মহাসড়ক চার লেন প্রকল্প’

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছে, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প আগামী মাসে একনেকে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সচিবালয়স্থ কার্যালয় হতে ভিডিও কনফারেন্সে সিলেট-মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসির বাস সার্ভিস উদ্বোধনকালে এ কথা জানিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘শীতকালে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসে। ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা এড়াতে সতর্কতার সাথে যানবাহন চালানোর জন্য পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধ জানাচ্ছি।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিআরটিসিকে গণমানুষের আস্থার বাহনে রূপান্তর করতে শেখ হাসিনা সরকার সম্প্রতি বহরে সহস্রাধিক বাস ও ট্রাক সংযোজন করেছে। এখন প্রয়োজন বিআরটিসির নেটওয়ার্ক সম্প্রসারণ এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন।’

সেবাখাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে অনিয়ম কমানো সম্ভব উল্লেখ করে মন্ত্রী বিআরটিসির ট্রিপ ব্যবস্থাপনায় জিপিএস প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি মনিটরিং জোরদার ও রাজস্ব আয় বাড়াতে নিজস্ব অপারেশন সফটওয়্যার ব্যবহারের নির্দেশ দেন।

এসময় তিনি করোনাকালে সরকার ঘোষিত ‘যত সিট তত যাত্রী’ নীতি প্রতিপালনের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালনার আহ্বান জানান।

ভিডিও কনফারেন্সে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান মো. এহছানে এলাহী, সিলেটের রেঞ্জ ডিআইজি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সংযুক্ত ছিলেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়