নিজস্ব প্রতিবেদক
গ্রেফতারের পর আমাকে নির্যাতন করা হয়েছে: কার্টুনিস্ট কিশোর
কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ মাস আটক থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন জনপ্রিয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। মুক্তির পর দেশের একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন কিশোর। এসময় কারাবন্দি অবস্থায় তিনি নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন।
কিশোর বলেন, ‘মাত্র কারাগার থেকে বের হয়েছি। বড় ভাইয়ের সঙ্গে হাসপাতালে যাব। তবে, হাসপাতালে যাওয়ার আগে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার সঙ্গে দেখা করে, পরামর্শ করে, তারপর হাসপাতালে যাব।’
হাসপাতালে কেনো যাচ্ছেন এ বিষয়ে জানতে চাইলে কিশোর বলেন, ‘আমি তো বাসায় যাওয়ার মতো অবস্থায় নেই। গ্রেফতারের পর আমাকে নির্যাতন করা হয়েছে। বাম পায়ে এখনো ব্যথা। ভালোমতো হাঁটতে সমস্যা হয়। দাগ রয়ে গেছে। আমার কানে আঘাত করা হয়েছে। এখনো কান থেকে পুঁজ বের হচ্ছে। শুনতে অসুবিধা হয়।’
কিশোর আরো জানান, ‘আমার অল্প ডায়াবেটিস ছিল। কারাগারে অব্যবস্থাপনার মধ্যে থেকে, চিকিৎসা না পেয়ে সুগার লেভেল অনেক বেড়ে গেছে। শরীর অনেক দুর্বল হয়ে গেছে। শারীরিক ও মানসিকভাবে খুব খারাপ অবস্থায় আছি। এখন বড় ভাইয়ের সঙ্গে হাসপাতালে যাচ্ছি।’
বুধবার (৩ মার্চ) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ কার্টুনিস্ট কিশোরকে জামিনের আদেশ দেন। বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তাকে মুক্তি দেয়া হয়।
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়া অভিযোগে গত বছরের মে মাসে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে ঢাকার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দুজনসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
গত ২৫ ফেব্রুয়ারি এই মামলায় বন্দি থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখক মুশতাক আহমেদ। তার মৃত্যুকে ‘ন্যাচারাল ডেথ’ (স্বাভাবিক মৃত্যু) হিসেবে উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটিসহ তিন কমিটি।
প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের মন্ত্রণালয় থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করে দিয়েছিলাম। গাজীপুরের ডিসি, তিনিও একটি কমিটি করেছিলেন, আইজি প্রিজন তিনিও তাৎক্ষণিকভাবে একটি কমিটি করেছিলেন। সবগুলো কমিটির অভিমত এক রকম। তারা ভিডিও ফুটেজ ও কারাগারে যারা তার সঙ্গে অন্তরীণ ছিলেন, তার রুমে যে কয়জন ছিলেন, কর্তব্যরত চিকিৎসক যারা ছিলেন, হাসপাতালে যখন নিয়ে গেছেন- তাদের সবার অভিমত নিয়ে তারা যে রিপোর্টটি প্রদান করেছেন সেই রিপোর্টে বলেছেন, এটা একটা ন্যাচারাল ডেথ হয়েছে। ন্যাচারাল ডেথ মানে অস্বাভাবিক মৃত্যু নয়। সেটাই তারা তাদের তদন্ত প্রতিবেদনের মাধ্যমে আমাদের জানিয়েছেন।’
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর-
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক





















