ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৪, ১০ মার্চ ২০২১

কোম্পানীগঞ্জের ঘটনায় কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না: কাদের

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের সংঘর্ষের ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার (১০ মার্চ) বিকেলে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘কোম্পানীগঞ্জে বিশৃঙ্খলার সঙ্গে যারাই জড়িত থাকুক, তাদের পরিচয় না দেখে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়ার প্রশ্নই উঠে না।’

প্রাণঘাতী সংঘর্ষে একজন দলীয় কর্মী নিহতের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক মন্তব্য করে নিহত আলাউদ্দিন ও এর আগের ঘটনায় সাংবাদিক মুজাক্কিরের মৃত্যুতে গভীর শোক ও তাদের পরিবার- পরিজনের প্রতি সমবেদনা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের ডিজি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আইন সমানভাবে প্রযোজ্য। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত অনেককে গ্রেপ্তার করা হয়েছে, অভিযান চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনকে কারও অপকর্মের জন্য ম্লান হতে দিতে পারি না মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, এ দুঃখজনক ঘটনার বিচার কাজ তদন্ত করে রিপোর্ট গঠনের জন্য নোয়াখালী জেলা আওয়ামী লীগকে নির্দেশনা দেওয়া হয়েছে। রিপোর্ট এলে কেন্দ্রীয় আওয়ামী লীগ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি বলেন, বেশ কিছুদিন থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট এলাকায় জনজীবন অস্থিরতা বিরাজ করছিল। সরকার এখন কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ শুরু করছে। তাই আশা করা হচ্ছে- শিগগিরই জনজীবনে স্বস্তি ফিরে আসবে।

নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের জনগণকে পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধারণ এবং সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

প্রধানমন্ত্রী ক্ষিপ্ত হয়ে ৭ মার্চের আওয়ামী লীগের আলোচনা সভায় মিথ্যাচার করেছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রী মিথ্যাচার করেননি, বরং জাতির সামনে ইতিহাসের প্রমাণিত সত্য তুলে ধরেছেন। বিএনপি কখনো সত্য শুনতে চায় না। তাই ঐতিহাসিক সত্য প্রকাশে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।

বিএনপি জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রাণান্তকর অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ঘোষণা আর ঘোষণা পাঠ করা এক কথা নয়। পাঠক কখনো ঘোষক হতে পারে না। বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা পাঠকারীদের মধ্যে একজন জিয়া।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়