ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৯, ১১ মার্চ ২০২১

আমরা বেশি বেপরোয়া হয়ে গেছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

দেশে গত কয়েকদিন ধরে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ বেড়ে চলেছে। আর এমন পরিস্থিতিতে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, দেশের মানুষ টিকা নিয়ে বেশি বেপোরোয়া হয়ে গেছে। যা খুবই আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (১১ মার্চ) চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশে দৈনিক শনাক্ত রোগীর হার ৬ শতাংশের কাছাকাছি চলে এসেছে। যা আশঙ্কাজনক। আমরা একটু বেপরোয়া হয়ে গেছি। আমরা মাস্ক ব্যবহার করছি না, কম করছি। সামাজিক দূরত্ব বজায় রাখতে কুণ্ঠা বোধ করছি। অনেক বেশি সামাজিক অনুষ্ঠান করছি, যার মাধ্যমে সংক্রমণ আবার বেড়ে গেছে।

তিনি বলেন, টিকা নেয়ার পর আমরা আরও বেশি বেপরোয়া হয়ে গেছি। বাংলাদেশ থেকে করোনা এখনও যায়নি, সময় লাগবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনার সংক্রমণ রোধে এরইমধ্যে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠক করেছেন বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে কথা হয়েছে, তারা যেন তাদের হাসপাতালগুলো প্রস্তুত রাখে। হাসপাতালে যে বেড বরাদ্দ ছিল, সেগুলো আবারও প্রস্তুত রাখতে বলা হয়েছে। এছাড়া চিকিৎসার জন্য যা লাগে, সব ব্যবস্থা করা আছে।

উল্লেখ্য, গত ১০ জানুয়ারি এক হাজারের বেশি রোগী শনাক্ত করা হয়েছিল। তারপর থেকে দৈনিক রোগীর সংখ্যা কমতে থাকে। কিন্তু গতকাল ১০১৮ এবং আজ (১১ মার্চ) ১০৫১ জন রোগী শনাক্ত করা হয়। ফলে দিন দিন সংক্রমণ বাড়ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়