ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৩, ১৩ মার্চ ২০২১

‘নির্যাতনের বিষয়ে মাদ্রাসার শিক্ষকদের সচেতন হতে হবে’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বর্তমানে দেশের অনেক মাদ্রাসায় শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে শারিরীক নির্যাতনের ঘটনা ঘটছে। এ সকল বিষয়ে মাদ্রাসা শিক্ষকদের সচেতন হতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে বিভিন্নভাবে তাদের ওপর শারীরিক নির্যাতন হচ্ছে। অনেক ক্ষেত্রে তারা যৌন নির্যাতনের শিকারও হচ্ছে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অনেক তথ্যই উঠে আসছে। বিশেষ করে মাদ্রাসায় এখনো চূড়ান্ত রকমের বেতের ব্যবহার করা হয়। এসব বিষয়ে মাদ্রাসার শিক্ষকদের সচেতন হতে হবে।

তিনি বলেন, আদালত যেখানে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন বন্ধে রায় দিয়েছেন, সেখানে মাদ্রাসার অনেক শিক্ষার্থী এখনো শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। এটি বন্ধ করতে হবে।

দীপু মনি বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয়ে মাদরাসা শিক্ষাকে আধুনিকীকরণের চেষ্টা করা হচ্ছে। কোথাও যেন ইসলামের ভুল ব্যাখ্যা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পবিত্র কোরআনের বাণীকে ধারণ করে আমরা জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- সাবেক চিফ হুইফ আ স ম ফিরোজ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান আলম সাজু প্রমুখ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়