ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৩৮, ১৩ মার্চ ২০২১

মাস্ক পরা নিশ্চিতে ডিসি-ইউএনওদের কাছে মন্ত্রিপরিষদের চিঠি

করোনাকালীন বাংলাদেশ। ফাইল ছবি

করোনাকালীন বাংলাদেশ। ফাইল ছবি

দেশে করোনা সংক্রমণ আবারও বাড়ছে। টানা চারদিন দৈনিক শনাক্ত হাজারের উপরে আছে। বেড়েছে নমুনা পরীক্ষার সংখ্যা। শনাক্তের হার ৬ শতাংশ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে আবারও স্বাস্থ্যবিধি মানার সময় এসেছে।

তাই সবার মাস্ক পরা নিশ্চিত করতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) চিঠি পাঠানো হয়েছে। শনিবার (১৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি করোনা সংক্রমণের হার এবং মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের হার রোধের জন্য সর্বক্ষেত্রে সকলের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা প্রয়োজন।’

এমতাবস্থায় সবার মাস্ক পরিধান নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মনিটরিং করার জন্য বিভাগীয় কমিশনার, ডিসি ও ইউএনওদের অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

উল্লেখ্য, শনিবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪ জনের শরীরের করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময় মারা গেছেন ১২ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, মৃত্যু এবং সুস্থতা সবই বেড়েছে। এপিডেমিওলজিক্যাল নবম সপ্তাহের (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) সঙ্গে এপিডেমিওলজিক্যাল দশম সপ্তাহের (৭ মার্চ থেকে ১৩ মার্চ) তুলনামূলক বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ১৪ দশমিক ৫২ শতাংশ নমুনা পরীক্ষা, ৬৭ দশমিক ২৭ শতাংশ নতুন রোগী শনাক্ত, ৪২ দশমিক ৪১ শতাংশ সুস্থতা এবং ৪৯ দশমিক শূন্য ২ শতাংশ মৃত্যু বৃদ্ধি পেয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়