ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪২, ১৪ মার্চ ২০২১

বিমানে যাত্রীসেবা উন্নত হলে দেশের লাভ হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিমানে যাত্রীসেবা উন্নত হলে দেশের লাভ হবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে নতুন ক্রয়কৃত বিমানগুলোর সুন্দর সুরক্ষা ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। 

রোববার (১৪ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আকাশতরী ও শ্বেতবলাকা উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আমরা এর আগেও দুটি বিমান ক্রয় করেছি। এখন আবার দুটো বিমান আজ উদ্বোধন হচ্ছে। যেগুলোর নাম দিয়েছি- উড়োজাহাজ আকাশতরী ও শ্বেতবলাকা। এগুলো যেন সুন্দরভাবে সুরক্ষিত থাকে, যাত্রীসেবা যেন মানসম্মত হয়, এদিকে সবাই খেয়োল রাখবেন।

বিমান কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এটা আমাদের দেশ। লাখ শহীদের রক্তের বিনিময়ে এদেশ পেয়েছি। এ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সকলের দায়িত্ব। আমাদের যাত্রীসেবা যত উন্নত করতে পারব, দেশের লাভ হবে। সেটাই আমরা চাই।

‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’ নামের উড়োজাহাজ দুটি বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা তিনটি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয়। এই উড়োজাহাজ দুটির নাম রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজে রয়েছে ৭৪ আসন। ড্যাশ-৮ বিমানটি খুব ছোট রানওয়ে থেকে উড্ডয়নক্ষম ও স্বল্প খরচে নিরবচ্ছিন্ন ও মসৃণ উড্ডয়নের জন্য বিখ্যাত। এ মডেলের বিমানগুলোতে কেবিন নয়েজ সাপ্রেশনের ব্যবস্থা রয়েছে। 

এ উড়োজাহাজ দুটিতে রয়েছে পরিবেশবান্ধব এবং অধিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ  হেপা (HEPA) ফিল্টার প্রযুক্তি। এর সাহায্যে মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া ও ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংস করার মাধ্যমে উড়োজাহাজের অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে তোলা সম্ভব। এছাড়াও এ মডেলের উড়োজাহাজে বেশি লেগস্পেস, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকার কারণে ভ্রমণ হয়ে উঠবে আরামদায়ক ও আনন্দময়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়