ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪২, ১৪ মার্চ ২০২১

নির্যাতনের অভিযোগে কার্টুনিস্ট কিশোরের মামলা: তদন্তে পিবিআই

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর

গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগ এনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের করা মামলার তদন্তভার পিবিআইকে দিয়েছে আদালত। আগামী ১৫ এপ্রিলের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।

রোববার (১৪ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।

একইসঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা, মেডিসিন এবং অর্থোপেডিকস বিভাগের প্রধানদের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের আদেশ দিয়েছেন আদালত।

গত ১০ মার্চ আটককৃত অবস্থায় তার উপর করা নির্যাতনের বর্ণনা দিয়ে মামলা করেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। সেদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। তারই প্রেক্ষিতে রোববার আদেশ দেয়া হয়।

মামলার বিষয়ে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর বলেন, ‌‘আমাকে আটকের পর নির্যাতন করা হয়েছে। আমি এ বিষয়ে নির্যাতনকারীদের বিরুদ্ধে আদালতের কাছে মামলা নেয়ার আবেদন করেছি।’

এর আগে গত ৩ মার্চ হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ কার্টুনিস্ট কিশোরকে জামিনের আদেশ দেন।

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়া অভিযোগে গত বছরের মে মাসে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে ঢাকার বাসভবন থেকে গ্রেফতার করে পুলিশ। তারা দুজনসহ ১১ জনের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

গত ২৫ ফেব্রুয়ারি এই মামলায় বন্দি থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লেখক মুশতাক আহমেদ। তার মৃত্যুকে ‘ন্যাচারাল ডেথ’ (স্বাভাবিক মৃত্যু) হিসেবে উল্লেখ করে তদন্ত প্রতিবেদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটিসহ তিন কমিটি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়