ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৮, ১৪ মার্চ ২০২১

১৭-২৬ মার্চ রাজধানীবাসীকে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

যানজট। ফাইল ছবি

যানজট। ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজধানীতে রাস্তায় চলাফেরার ক্ষেত্রে কিছুটা ট্রাফিক সমস্যা হতে পারে। এজন্য সবাইকে গন্তব্যে যেতে হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার (পুলিশের বিশেষ শাখার প্রধান) মো. মনিরুল ইসলাম এই অনুরোধ জানিয়েছেন।

তিনি উল্লেখিত দিনগুলোতে নির্ধারিত সময়ের আগেই অফিস-আদালত কিংবা পরীক্ষার জন্য আগে বের হওয়ার অনুরোধ জানিয়ে  বলেন, রাষ্ট্রের সম্মানের কথা চিন্তা করে জনগণের এটুকু স্যাক্রিফাইস করতে হবে।

রোববার (১৪ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানের আগমন উপলক্ষে আয়োজিত নিরাপত্তা ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ১৭ থেকে ২৭ মার্চ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় বিদেশি রাষ্ট্রপ্রধান ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করবেন।

ভিভিআইপিদের অবস্থানকালীন যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে নগরবাসীর প্রতি এই অনুরোধ জানানো হয়।

ডিএমপির পক্ষ থেকে আরও বলা হয়, রাজধানীর সড়কগুলোতে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় বিভিন্ন সড়ক সংকুচিত হয়েছে। ফলে অধিকাংশ সড়কে যান চলাচলে সমস্যা হচ্ছে। আসন্ন উৎসবে বিদেশি অতিথিদের যাতায়াতের সময় রাস্তায় যান চলাচলে চাপের সৃষ্টি হতে পারে। ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় সাময়িক সমস্যা হতে পারে।

এজন্য নগরবাসীকে নিজ নিজ গন্তব্যস্থল ও বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের কিছুটা আগে বের হওয়ার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়