ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৩, ১৫ মার্চ ২০২১

রোজা রেখেও নেয়া যাবে করোনার টিকা

ফাইল ছবি

ফাইল ছবি

আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ সময় রোজা রেখে করোনাভাইরাসের টিকা নেয়া যাবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের আলেমরা। 

সোমবার (১৫ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার (১৪ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে দেশের বরেণ্য উলামায়েকেরাম এবং ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

সভায় পবিত্র রমজান মাসে কোভিড-১৯ এর চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় এবং দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনার টিকা গ্রহণের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

আলোচনায় উপস্থিত আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করেন, যেহেতু করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালি ও পাকস্থলীতে প্রবেশ করে না, সেহেতু রমজান মাসে রোজাদার দিনের বেলায় শরীরে করোনাভাইরাসের টিকা গ্রহণ করলে রোজা ভঙ্গ হবে না।

জানা গেছে, এ বিষয়ে মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেমরাও এমন মত পোষণ করেছেন। কাজেই রোজা রেখে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করা যাবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়