ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, আইনিউজ

প্রকাশিত: ১১:৩৮, ১৭ মার্চ ২০২১
আপডেট: ১১:৫৫, ১৭ মার্চ ২০২১

ঢাকা মেডিকেল কলেজের আইসিইউয়ে আগুন, তিনজনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসিইউতে  চিকিৎসাধীন তিনজনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দকৃত নতুন ভবনের তৃতীয় তলায় আইসিইউতে অগ্নিকাণ্ডে ঘটনার পর তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৭ মার্চ) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

এখন পর্যন্ত মারা যাওয়া দু'জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮) ও কাজী গোলাম মোস্তফা (৭৫)। আব্দুল্লাহ আল মাহমুদ ১১ নং বেডে চিকিৎসাধীন ছিলেন।

তবে তাদের মৃত্যু আগুনে পুড়ে হয়নি। গণমাধ্যমকে এমনটাই বলেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। 

তিনি বলেন-  এ তিনজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পর তাদের হাসপাতালের অন্য বিভাগে সরিয়ে নেওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। 

হাসপাতালের উপ-পরিচালক আলাউন্দিন আল আজাদ বলেন, আইসিইউতে থাকা রোগীদের স্থানান্তরের সময় ওই তিন রোগীর মৃত্যু হয়। তাদের শরীরে বিভিন্ন যন্ত্রপাতি লাগানো ছিল। আগুন লাগার পর রোগীদের যন্ত্রপাতি খুলে স্থানান্তর করায় এবং সব জায়গায় ওইসব যন্ত্রপাতির সাপোর্ট না থাকায় রোগীদের মৃত্যু হয়েছে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, রোগীদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। ঢামেক করোনা ইউনিটের আইসিইউতে ১৪ জন রোগী ছিলেন, বাকিদের অবস্থা ভালো। আগুনে পুড়ে কারও মৃত্যু হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। স্থানান্তরের সময় কারও অক্সিজেন বন্ধ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক কামরুল ইসলাম বাংলা গণমাধ্যমকে বলেন, ‘৮ টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঢামেক হাসপাতালের নতুন ভবনের চার তলার এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিন রোগীকেকে আইসিইউ থেকে আমরা বের করে অন্য ওয়ার্ডে নিয়ে যাই। তবে তাদের অবস্থা তখন সংকটপন্ন ছিল। আগুন সম্পূর্ণভাবে ৯ টা ৩০ মিনিটে নেভানো হয়েছে।’

তবে অগ্নিকাণ্ডের কারণ তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়