ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৮, ১৭ মার্চ ২০২১
আপডেট: ১৮:৪২, ১৭ মার্চ ২০২১

পরবর্তী প্রতিটি প্রজন্মের জন্য আদর্শ বঙ্গবন্ধু: ইব্রাহিম মোহামেদ

‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ

‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরবর্তী প্রতিটি প্রজন্মের জন্য একজন আদর্শ হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ।

বুধবার (১৭ মার্চ) জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের উন্নয়নের ধারা প্রশংসনীয় উল্লেখ করে ইব্রাহিম মোহামেদ সলিহ বলেন, ‘করোনাকালে আপনারা আমাদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এজন্য আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে।’

মোহাম্মদ সলিহ আরও বলেন, ‘আমরা বাংলাদেশের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাবো। আমাদের দেশের অর্থনীতিতে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। মালদ্বীপে যে সকল বাংলাদেশি আছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করবো বলে আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি।'

বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের গুরুত্ব আলোকপাত করে মোহামেদ সলিহ বলেন, ‘৭ মার্চ ভাষণ বিশ্বের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। ইতিমধ্যে এ ভাষণের গুরুত্ব অনুধাবন করে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য'এর অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।’

এর আগে বুধবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছান মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহ।

সকাল সাড়ে আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিমানবন্দরে এসময় মালদ্বীপের প্রেসিডেন্টের সম্মানে ২১ বার তোপধ্বনি দেয়া হয়। বিমানবন্দরে দুই দেশের রাষ্ট্রপতি কুশল বিনিময় করেন।

মালদ্বীপের রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী ফাজনা আহমেদ, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ও অন্যান্য পদস্থ কর্মকর্তাসহ মোট ২৭ জনের একটি প্রতিনিধি দল। 

ঢাকায় পৌঁছে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মালদ্বীপের রাষ্ট্রপতি। বিকেলে পূর্বনির্ধারিত অনুষ্ঠানে অংশ নিয়ে ১৯ মার্চ সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়