ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৭, ২২ মার্চ ২০২১
আপডেট: ১১:৩৯, ২২ মার্চ ২০২১

সিনিয়রদের দুর্নীতির তথ্য দিলে পুরস্কার পাবেন পুলিশ সদস্যরা

সিনিয়রদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির সরাসরি অভিযোগ আনতে পারবেন পুলিশের অধস্তন (জুনিয়র) সদস্যরা। অভিযোগ প্রমাণিত হলে পুরস্কৃত করা হবে তথ্যদাতা পুলিশ সদস্যকে। পুলিশের সব ইউনিটে আজ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করছে সদর দপ্তর।

রবিবার (২২ মার্চ) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এ সংক্রান্ত নির্দেশনা অনুমোদন করেছেন বলে জানা গেছে।

পুলিশ সদস্যরা নির্ভয়ে সরকারি অর্থের নিয়মিত ও অননুমোদিত ব্যয়, সরকারি সম্পদ অব্যবস্থাপনা, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি সংক্রান্ত অপরাধের তথ্য দিতে পারবে। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ দুর্নীতি বন্ধ হবে।

নির্দেশনার শিরোনাম দেওয়া হয়েছে ‘(ক) জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রধান) আইন, ২০১১ এবং (খ) জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) বিধিমালা, ২০১৭ প্রতিপালন প্রসঙ্গে।

এ নির্দেশনার ফলে একজন কনস্টেবলও পুলিশ সুপার (এসপি), ডিআইজি বা তারও উচ্চপর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত কর্র্তৃপক্ষের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন।

তথ্য প্রকাশ আইন ও বিধিমালায় কোনো তথ্য প্রদানকারীর পরিচিতি প্রকাশ না করার কথা বলা হয়েছে। এছাড়া তথ্য প্রদানকারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা বা প্রযোজ্য ক্ষেত্রে কোনো বিভাগীয় মামলা দায়ের না করাসহ তাকে পদাবনতি, হয়রানিমূলক বদলি, বিভাগীয় ব্যবস্থাগ্রহণ ও বৈষম্যমূলক আচরণ করা যাবে না

তবে, কোনোও পুলিশ সদস্যকে হয়রানির উদ্দেশ্যে এই নির্দেশনা ব্যবহার করা যাবেনা। কেউ যদি হয়রানির উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে বা অসৎ উদ্দেশ্যে কাউকে ঘায়েল করার জন্য অভিযোগ দেয় তদন্তে তা প্রমাণিত হলে ওই ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় মামলা ও চাকরিচ্যুতিসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।

উল্লেখ্য, আগে থেকেই অনিয়মকারীদের বিরুদ্ধে অভিযোগের সুযোগ ছিল। নতুন আদেশে তথ্যদাতা বা অভিযোগকারীর সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে, যাতে কেউ তথ্য দিতে ভয় না পায়।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়