ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ২৩ মার্চ ২০২১
আপডেট: ১৭:৪৯, ২৩ মার্চ ২০২১

রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, ৭ জনের মৃত্যু

অবশেষে নিয়ন্ত্রণে এসেছে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আগুন। তবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে দুইশিশুসহ ৭ জনকে। 

ঘটনাস্থলে অবস্থান করে এটি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।

জানা গেছে, এই অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে ১২ জন রোহিঙ্গাকে আটকও করা হয়েছে।

৭ জনের মৃত্যু ছাড়াও এ ঘটনায় পুড়ে গেছে ১০ হাজারের বেশি বসতবাড়ি এবং দোকান।

জেলা প্রশাসক সূত্রে জানা যায়, ৬ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিট, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও এপিবিএন এর যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

এছাড়াও উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ছাই হয়ে গেছে ১০ হাজার ৩শ বসতবাড়ি ও দেড় হাজার দোকান। এর মধ্যে ১০ হাজার বসতবাড়ি রোহিঙ্গাদের এবং স্থানীয়দের বসতবাড়ি রয়েছে প্রায় ৩’শ।

তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ২ লাখেরও বেশি রোহিঙ্গা এবং কয়েকশ স্থানীয় মানুষকে রাত কাটাতে হচ্ছে খোলা আকাশের নিচে।

এ বিষয়ে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে পুলিশ। এটি পরিকল্পিত ছিলো নাকি দুর্ঘটনা এটাও যাচাই করা হবে। ইতোমধ্যেই জড়িত সন্দেহে ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে বালুখালী ক্যাম্প ৮-ই, ডব্লিউতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাতাসের গতি বেশি হওয়ায় আগুন দ্রুত ৯ এবং ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পেও ছড়িয়ে পড়ে। এতে ক্যাম্পের সহস্রাধিক ঘর পুড়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রাও।

ক্যাম্পে কাজ করা এনজিওদের সমন্বয়কারী সংস্থা ইন্টার সেক্টর কো-অর্ডিনেটর গ্রুপের (আইএসসিজি) ন্যাশনাল কমিউনিকেশন অ্যান্ড পাবলিক ইনফরমেশন অফিসার সৈয়দ মো. তাহফিম রোহিঙ্গাদের বরাত দিয়ে জানান, বিকেল ৪টার দিকে বালুখালী ৮ই ক্যাম্পে আগুন লাগে। তা দ্রুত ৮ ডব্লিউ ক্যাম্পে ছড়ায়। বাতাসের বেগে তা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ৯ ও ১০ নম্বর ক্যাম্পে। খবর পেয়ে উখিয়া-টেকনাফ-রামু ও কক্সবাজার সদর থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

আগুন লাগার পর ঘর ছেড়ে পালিয়ে আসা রোহিঙ্গা আব্বাস উদ্দিন বলেন, ‘আল্লাহ আমাদের ওপর এত পরীক্ষায় কেন ফেলছেন বুঝে উঠতে পারছি না। মিয়ানমারের ক্ষত কাটিয়ে উঠার মাঝেই বাংলাদেশেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা চরম আতঙ্কিত করছে।’

উল্লেখ্য, অগ্নিদগ্ধ আহতদের স্থানীয় এনজিও পরিচালিত হাসপাতাল ও কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়