ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৬, ২৩ মার্চ ২০২১
আপডেট: ০১:৩৯, ২৩ মার্চ ২০২১

মোটরসাইকেল চালিয়ে সচিবালয়ে মাশরাফি

মাশরাফি। ক্রিকেটপ্রেমীদের কাছে একনামেই পরিচয়। এর বাইরেও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে রয়েছে দেশব্যাপী সুনাম। তবুও চলাফেরা সাধারণ মানুষের মতোই।

সোমবার (২২ মার্চ) তাকে দেখা যায় একটি মোটরসাইকেলে, যাচ্ছেন সচিবালয়ে। যানজটে থেমে রোদে ঘামছেন, তবুও নেই মুখে কষ্টের ছাপ। তিনি যে সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন- এর মাধ্যমে তা আবারও প্রমাণ দিলেন।

মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘নড়াইলের উন্নয়নের জন্য সচিবালয়ের উদ্দেশে। চেনা যায়?’

সচিবলায় থেকে ক্রিকেটপ্রেমী, সারা বিশ্ব জুড়েই তার সুনাম। এছাড়া ইএসপিএনের পক্ষ থেকে পরিচালিত ‘ওয়ার্ল্ড ফেইম ১০০’ এ বিশ্বের সেরা ১০০ ক্রীড়াবিদের মধ্যে অন্যতম। তার পরেও যার এমন সাধারণ চলাফেরা, তাকে প্রশংসা করতেই হয়।

জানা গেছে, সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি।

এর আগেও সচিবালয়ে বেশ কয়েকবার এসেছিলেন মাশরাফি। নিজের নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন দফতরে ছুটে যান তিনি।

সচিবালয়ে গিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এই সংসদ সদস্য ও তারকা ক্রিকেটার। এ সময় মাশরাফি নড়াইলের উন্নয়নে সহযোগিতা কামনা করলে, সচিব তাঁর পক্ষ থেকে সবসময় সার্বিক সহযোগিতার কথা জানান।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সঙ্গে সাক্ষাত করে নড়াইল সার্কিট হাউজে আধুনিক ভবন নির্মাণের বিষয়ে কথা বলে তিনি। এভাবে আজ সারাদিন নড়াইলের উন্নয়নের জন্য নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে সচিবালয়ে ছুটে বেড়িয়েছেন নড়াইল এক্সপ্রেস। এ সময় তিনি তথ্য সচিব খাজা মিয়ার সঙ্গেও সাক্ষাৎ করেন।

জ্যামে আটকে পড়া মাশরাফির সেই ছবি ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনেকেই পোস্ট করে নিজেদের মতামত জানাচ্ছেন। সাদ্দিভ অভি নামের একজন লিখেছেন, ‘তাকে পাঠাও রাইডার মনে করা আমার মন।’ আর পোস্টের কমেন্ট বক্সে জেসমিন পাপড়ি নামের একজন লিখেন, ‘কমেন্ট পড়ার আগে আমিও পাঠাও ড্রাইভার ভাবছি।’

ক্রিকেটের সফল এই অধিনায়ক জ্যামে আটকে পড়লেও পুলিশের কোনো ‘ভিআইপি’ সুবিধাও নেননি। দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর কাছে এই ছবি ভিন্ন বার্তা দিচ্ছে। যেখানে ‘ভিআইপি’ প্রটোকলের নামে সাধারণ মানুষের চলাচল সীমিত হয়ে যায় সেখানে মাশরাফির বাইক চালিয়ে সচিবালয়ে যাওয়ার দৃশ্য সবার নজব কেড়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়