ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৬, ২৩ মার্চ ২০২১

ভারত সরকারের প্রতি বাংলাদেশের কৃতজ্ঞতা

ফাইল ছবি

ফাইল ছবি

ভারত সরকারের গান্ধী শান্তি পুরস্কার ২০২০-এ ভূষিত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এজন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বঙ্গবন্ধুকে প্রথমবারের মতো মরনোত্তর পুরস্কারটি দেয়া হল।

মঙ্গলবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মর্যাদাপূর্ণ পুরস্কারটি বাংলাদেশ ও তার জনগণের জন্য একটি বিরাট সম্মান।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এই সম্মাননা বিশেষ তাৎপর্য বহন করে। বিশেষত, যখন বাংলাদেশ রাজনীতি, অর্থনীতি ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে, বঙ্গবন্ধু যার ভিত গড়েছিলেন।

পুরস্কারটি বাংলাদেশ-ভারতের মধ্যকার গভীর সম্পর্কের প্রতিও একটি সম্মাননা। এমন এক সময় এটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যখন উভয় দেশ যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, দু’দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যখন তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরছে, ঠিক সেই মুহূর্তে এই পুরস্কার এদেশের মানুষের স্বাধীনতা ও অধিকার নিশ্চিতে এবং একটি ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত বিশ্ব গড়ে তুলতে তার আজীবনের সংগ্রামের স্বীকৃতি দিচ্ছে।

এ উপলক্ষে বাংলাদেশের জনগণ দুই মহান নেতা বাপুজি ও বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানায়। যাদের মূল্যবোধ ও আদর্শ আজও একটি শান্তিপূর্ণ, শোষণ, অন্যায়-অবিচার ও বঞ্চনা মুক্ত বিশ্ব গড়তে প্রেরণার উৎস হয়ে রয়েছে।

এর আগে সোমবার (২২ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ পুরস্কার ঘোষণা করেন।

পুরস্কার ঘোষণার পর মোদি বলেন, মানবাধিকার ও স্বাধীনতার বীরপুরুষ ছিলেন বঙ্গবন্ধু।  তিনি ভারতীয়দেরও নায়ক ছিলেন। বঙ্গবন্ধুর উত্তরাধিকার ও অনুপ্রেরণা দুই দেশের জন্য ঐতিহ্য।

অহিংসা ও গান্ধীবাদী আদর্শে আর্থ-সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন সাধনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গান্ধী শান্তি পুরস্কার প্রদান করা হয়। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে ভারত সরকার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়