নিজস্ব প্রতিবেদক
শুক্রবার ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (২৬ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।
ঢাকা সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে পৌঁছালে তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে পৌঁছানোর পর আনুষ্ঠানিকতা সেরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
২৬ মার্চ বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবসের জাতীয় অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। করোনাকালে ভারতের প্রধানমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর।
মোদির সফরকালে ভারতের সঙ্গে ৩টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে। তার মধ্যে একটি হলো দুর্যোগ মোকাবিলা সহযোগিতা। আর বাকি দু’টি হলো- দুই দেশের ইনস্টিটিউশনের মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতা। এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রীর সফরকালে মুজিবনগর স্বাধীনতা সড়ক, ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন সার্ভিস, বঙ্গবন্ধু- বাপু মিউজিয়াম উদ্বোধন করা হবে।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকে কানেক্টিভিটি, বাণিজ্য, কোভিড প্রতিরোধ, পানিবন্টন, সন্ত্রাসবাদ মোকাবিলা, বিদ্যুৎ সহযোগিতা ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
ভারতীয় প্রধানমন্ত্রী সফরের দ্বিতীয় দিন ২৭ মার্চ সাতক্ষীরা ও গোপালগঞ্জ যাবেন। তিনি সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরে যাবেন। সেখানে তিনি প্রার্থনা করবেন। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করবেন।
মোদি ঢাকা থেকে সাতক্ষীরা যাবেন হেলিকপ্টারে। সাতক্ষীরা সফর শেষে সেখান থেকে যাবেন গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন। টুঙ্গিপাড়ায় তাকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের মন্দির পরিদর্শন করবেন। এই মন্দির পরিদর্শন শেষে মতুয়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। তারপর হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন। ২৭ মার্চ সন্ধ্যায় দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে। বৈঠক শেষে ভারত ফিরবেন দেশটির প্রধানমন্ত্রী।
ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানাতে ঢাকায় আসছেন। তিনি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন। করোনাকালে এটাই তার প্রথম বিদেশ সফর। এটা আমাদের জন্য সম্মানের। এই সফরের মধ্যে দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে তিনি প্রত্যাশা করেন।
এদিকে মোদির ঢাকা সফর সামনে রেখে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বুধবার জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফর নতুন অধ্যায়ের সূচনা করবে। এই সফর হবে দুই দেশের মধ্যে সহযোগিতার একটি মাইলফলক। সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
২০১৫ সালের ৬ থেকে ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবার ঢাকা সফর করেন। এবার তিনি দ্বিতীয় দফায় ঢাকা সফরে আসছেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























