ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ২৫ মার্চ ২০২১

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহবান

২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। দিনটিকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ সবচেয়ে জঘন্যতম গণহত্যা হিসেবে চিহ্নিত। এই দিনে পাকিস্তানের হানাদার বাহিনী বাঙালিদের হত্যা করে রক্তের স্রোত বয়ে দিয়েছে। সেই ইতিহাস দেশের মানুষ ভুলে যায়নি। পাকিস্তানি সেনারা সে সময় এদেশের নারী, পুরুষকে নির্বিচারে হত্যা করেছিল কিন্তু এখনো এই হত্যাকাণ্ড ইতিহাসে গণহত্যা হিসেবে স্বীকৃতি পায়নি। ২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে এবার স্বীকৃতি দিতে হবে।

বৃহস্পতিবার গণহত্যা দিবস স্মরণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

কাদের আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছিল, তা করোনার অজুহাত দেখিয়ে প্রত্যাহার করে নেয়া রহস্যজনক। ইতিহাসের অনেক অমীমাংসিত বিষয় নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়বে জেনেই বিএনপি ২৫ ও ২৬ মার্চের কর্মসূচি প্রত্যাহার করেছে।

উল্লেখ্য, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩০ মার্চ পর্যন্ত তাদের সকল দলীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা আগামী ৩০ মার্চ পর্যন্ত করোনার এই ভয়াবহতার কারণে আমরা মনে করছি যে, এই মুহূর্তে সমাবেশ-টমাবেশ বন্ধ করা দরকার। যে কারণে আমরা সব স্থগিত করছি। সারা দেশে আমাদের নেতাকর্মীদের প্রতি একটাই অনুরোধ থাকবে- সবাই মাস্ক পরবেন, সবাই নিরাপদ যে দূরত্ব সেটা বজায় রাখবেন এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। অতিরিক্ত ভিড়ে গিয়ে নিজেকে ঝুঁকির মধ্যে ফেলবেন না।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়