ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ২৭ মার্চ ২০২১
আপডেট: ২০:৫৭, ২৭ মার্চ ২০২১

ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেসের উদ্বোধন

ঢাকা-জলপাইগুড়ি রুটে চলাচলের জন্য মিতালী এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় ভার্চুয়ালি এ ট্রেনটির উদ্বোধন করেন।

মিতালী এক্সপ্রেস ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে সপ্তাহে দুদিন চলাচল করবে। ট্রেনটিতে ৮টি বগি ও ৪৫৬টি আসন রয়েছে। পুরো ট্রেনটি শীতাতপ নিয়ন্ত্রিত। এটি উত্তরবঙ্গের চিলাহাটিতে যাত্রা বিরতি করবে। ফলে উত্তরবঙ্গের যাত্রীরা সহজেই এটি ব্যবহার করতে পারবেন।

মিতালী এক্সপ্রেসের মাধ্যমে দুই দেশের মধ্যে যাত্রীবাহী তৃতীয় রেল সার্ভিস উদ্বোধন হলো। আগে থেকে মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস চালু আছে।

সপ্তাহের সোম ও বৃহস্পতিবার ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে। রবি ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। যদিও কখন থেকে ট্রেনটিতে যাওয়া যাবে তা জানা যায়নি।

এছাড়াও শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে ৫টি সমঝোতা স্মারক সই হয়। এ সময় কয়েকটি প্রকল্প উদ্বোধন হয় এবং ১০৯টি অ্যাম্বুলেন্স ও ১২ লাখ করোনা টিকা হস্তান্তর হয়।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে শুক্রবার মোদি ঢাকায় আসেন। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শনিবার তিনি যান সাতক্ষীরা ও গোপালগঞ্জে।

জেলা দুটির দুটি মন্দিরে প্রার্থনা ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়াও টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে তার প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় সরকার প্রধান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়