সীমান্ত দাস
আপডেট: ০২:০৮, ২৮ মার্চ ২০২১
বাংলাদেশে মোদির সফর: শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিয়া-প্রতিক্রিয়া
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান যোগ দিতে ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তবে মোদি বাংলাদেশ সফরে আসার আগে থেকেই তাকে নিয়ে দেশব্যাপী ছিলো আলোচনা-সমালোচনা। বাংলাদেশের বেশকিছু রাজনৈতিক-অরাজনৈতিক দল, সংগঠন, প্রতিষ্ঠান কয়েক সপ্তাহ আগে থেকেই রাজপথে, অনলাইনে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন।
- ঢাকায় মোদি
শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে দশটার পর নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানটি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উনিশবার তোপধ্বনির মাধ্যমে তাকে স্বাগত জানানোর পর বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বিমানবন্দরেই তাকে গার্ড অব অনার এবং লাল গালিচা সম্বর্ধনা দেয় সশস্ত্র বাহিনীর একটি দল। এ সময় দু দেশের জাতীয় সংগীত বাজানো হয় এবং তিনি গার্ড পরিদর্শন করেন।
- টুঙ্গিপাড়ায় মোদি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৭ মার্চ) বেলা ১১টা ৩৯ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান নরেন্দ্র মোদি। তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসঙ্গে বঙ্গবন্ধুর সমাধিসৌধ পরিদর্শন, পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষচারা রোপণ, দর্শনার্থী বই সাক্ষর করেন।
নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেন নরেন্দ্র মোদি। সেখানে তিনি ধর্মীয় রীতি অনুযায়ী পূজা দেন।
- ওড়াকান্দি ভ্রমণ
শনিবার সফরের দ্বিতীয় দিনে তিনি গোপালগঞ্জের কাশিয়ানীতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকান্দি মন্দির পরিদর্শন করেন।
ওড়াকান্দিতে শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে পৌঁছান মোদি। এরপর সেখানে মতুয়াদের তীর্থস্থান হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা দেন তিনি।
এসময় মতুয়াদের উদেশ্যে নরেন্দ্র মোদি বলেন, অস্থির পৃথিবীতে শান্তি স্থাপনে বাংলাদেশ-ভারত কাজ করছে। এর আগে, মতুয়া সম্প্রদায়ের মন্দিরে পুজো দিয়ে মোদি বলেন, তার বহু দিনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে।
- মোদির সফরকালে হেফাজতে ইসলামের প্রতিক্রিয়া
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফররের কথা শুরু হওয়া থেকেই প্রতিবাদ করে আসছিলো ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম ও অন্য কয়েকটি ইসলামিক সংগঠন।
শুক্রবার (২৬ মার্চ) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঘিরে প্রতিবাদে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন ইসলামি দলগুলোর নেতাকর্মীরা। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ছবি তোলার সময় সাংবাদিকদের ওপরও হামলা করেন ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জুমার নামাজের পর প্রথমে বায়তুল মোকাররম মসজিদের সামনে সংঘর্ষ শুরু হয়। পরে রাজধানীর একাধিক পয়েন্টের বাইরেও ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মী ও কওমি মাদরাসার শিক্ষার্থীরা। এসব হামলায় তাদের ৪ জন কর্মী আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছেন।
পরে শনিবার (২৭ মার্চ) দেশজুড়ে বিক্ষোভ ও রবিবার হরতালের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম।
- হরতালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা
শনিবার (২৭ মার্চ) হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টি হলে তা মোকাবেলায় সর্তক অবস্থান নেয় পুলিশ-র্যাব ও বিজিবির সদস্যরা। দেশের প্রায় প্রতিটি উল্লেখযোগ্য শহরেই তাদের তৎপরতা চোখে পড়ে।
সকাল থেকেই রাজধানীর মতিঝিল, পল্টন, বায়তুল মোকাররম, জাতীয় প্রেসক্লাব ও জিরো পয়েন্টসহ আশেপাশের সব এলাকায় র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) , ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যদের মোতায়েন করা হয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এছাড়াও মুক্তাঙ্গনসহ আশপাশের এলাকায় একাধিক রায়টকার, প্রিজনভ্যানও প্রস্তুত রাখতে দেখা গেছে। এর বাইরে রাজধানীর অন্যসব পয়েন্টেও সংশ্লিষ্ট থানা পুলিশের একাধিক টিম টহল দিচ্ছে।
- থমথমে হাটহাজারী
এদিকে আগের দিন হাটহাজারীতে হেফাজতে ইসলামের বিক্ষোভে ৪ জনের মৃত্যুতে ওই এলাকায় নেমে আসে থমথমে গম্ভীরতা।
সেখানে সকাল থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে সেখানে বিপুলসংখ্যক মাদরাসাছাত্র অবস্থান নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব ও পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয় সেখানে।
সকাল ৯টা থেকে এমপি আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ও জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাটহাজারী থানায় অবস্থান করছেন।
দুপুর ১২টার দিকে সরেজমিন দেখা গেছে, হাটহাজারী বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ। থানা ভবনের দক্ষিণে বাসস্ট্যান্ডের রাস্তায় ব্যারিকেড দিয়ে সেখানে অবস্থান করছে বিপুলসংখ্যক র্যাব ও পুলিশ সদস্য। থানা এবং আশপাশে অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা।
হাটহাজারী মাদরাসার দক্ষিণে ত্রিবেণী মিষ্টির দোকান এলাকায় চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি সড়কে বাঁশ ও টিনের ব্যারিকেড দিয়ে মাদরাসাছাত্ররা অবস্থান করছে।
এমপি আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, শুক্রবার রাতে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। মাদরাসা ছাত্রদের পক্ষ থেকে পাঁচটি দাবি জানানো হয়েছে। সেগুলো হলো- নিহত চারজনের ময়নাতদন্ত সঠিকভাবে করতে হবে, তাদের জানাজা-দাফনে বাধা না দেয়া, আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং গুলির ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া।
এমপি বলেন, ‘আমরা তাদের দাবি মেনে নিয়েছি। কিন্তু শিক্ষার্থীরা অবরোধ তুলে নিচ্ছে না।‘
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের প্রতিক্রিয়া
হাটহাজারীর রেশ ধরেই যেন ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্ররা বিক্ষোভ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে পুলিশ বাদী হয়ে ৩টি মামলা করে। প্রথম দুটি মামলায় ৫ হাজার ও শেষটিতে দেড় হাজার জনকে আসামি করা হয়।
শনিবার (২৭ মার্চ) দুপুরে পুলিশ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলাগুলো দায়ের করে।
পুলিশ সুপারের কার্যালয় এবং পুলিশ ফাঁড়ির মামলা দুটিতে অজ্ঞাত পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। আর মেড্ডার মামলায় আসামি দেড় হাজার।
এ ঘটনায় ১৪ জনকে আটক করেছে পুলিশ। তবে আটকদের মধ্যে কতোজন মাদ্রাসাছাত্র সে বিষয়ে কিছু বলেনি পুলিশ।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শুক্রবার (২৬ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ মাদরাসাছাত্ররা।
তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর শহরের কাউতলি এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েও হামলা চালান বিক্ষোভকারীরা।
এ সময় পুলিশ শটগানের গুলি ছোড়ে। এ ঘটনায় আশিক (২০) নামে এক যুবক আহত হন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
- প্রধানমন্ত্রীর সাথে বৈঠক
শনিবার (২৭ মার্চ) বিকেল ৫টায় মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এসময় তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠকে অংশ নেন মোদি। এটি শেষ হয় সন্ধ্যা ৬টার কিছু পর।
একান্ত বৈঠকের পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী। দুই দেশের সরকারপ্রধানের উপস্থিতিতে বাণিজ্যে অশুল্ক বাধা দূর, তথ্য-যোগাযোগ সহায়তা ও দুর্যোগ মোকাবিলাসহ পাঁচটি সমঝোতা স্মারক সই হয়।
সমঝোতা স্মারক সই ছাড়াও দ্বিপাক্ষিক বৈঠকে ভার্চুয়ালি বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করা হয়। ঢাকা ও নিউ জলপাইগুড়ির মধ্যে যাত্রীবাহী ট্রেন সার্ভিস উদ্বোধন করা হয়। উদ্বোধন হয় বাংলাদেশ-ভারত স্বাধীনতা সড়ক। মুক্তিযুদ্ধে যেসব ভারতীয় সৈন্য আত্মাহুতি দিয়েছেন তাদের স্মরণে আশুগঞ্জে একটি সমাধিসৌধও উদ্বোধন করা হয়।
এ ছাড়াও কুষ্টিয়ার শিলাইদহে কুটিবাড়িতে ভারতের অর্থায়নে যে সংস্কার কাজ হয়েছে তারও উদ্বোধন করা হয়।
বাংলাদেশের কাছে ভারতের ১০৯টি অ্যাম্বুলেন্স হস্তান্তর হয়। এছাড়া দুটি সীমান্ত হাট এবং স্মারক ডাকটিকিটের মোড়ক উন্মোচন হয়।
- রাজধানীতে মোদিবিরোধী বিক্ষোভ-সংঘর্ষ
রাজধানীতেও মোদিবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্টি হয় সংঘর্ষ। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাতনামা তিন থেকে চার হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ মার্চ) রাতে পল্টন থানায় এ মামলা করা হয়। মামলা নম্বর-৫৭। তবে এ ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শুক্রবার মোদিবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় সাধারণ মুসল্লি ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। জুমার নামাজের মোনাজাত শেষে মুসল্লিদের একাংশ মোদিবিরোধী বিক্ষোভ শুরু করে।
স্লোগান দেয়ার খানিক পরই ছাত্রলীগের নেতাকর্মীরা মসজিদের উত্তর পাশের ফটকে মিছিলকারীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালান। প্রায় পাঁচ মিনিট ধরে তারা মিছিলকারীদের মারধর করেন। এতে বিক্ষোভকারীরা পিছু হটে মসজিদের ভেতরে ঢুকে পড়েন।
এর খানিক পরই বিক্ষোভকারীরা আবার সংগঠিত হয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ওপর পাল্টা হামলা চালান। এ সময় প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ মসজিদের দিকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। ফাঁকা গুলিও ছোড়া হয়।
শুক্রবারের ওই সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হন। আহতদের অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
- আবারও হরতালের ডাক হেফাজতের
বিক্ষোভ করার সময় সংঘর্ষে সংগঠনের কর্মী নিহতের প্রতিবাদে রবিবার (২৮ মার্চ) আবারও দেশব্যাপী হরতাল ডাক দেয় হেফাজতে ইসলাম।
হরতাল শান্তিপূর্ণভাবে পালন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
হেফাজতের এই নেতা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে রবিবার হরতাল পালন করব। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা চাই। আশা করি তারা আমাদের সহযোগিতা করবেন।’
সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে মামুনুল হক বলেন, ‘আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকজন অনুপ্রবেশ করে বিশৃঙ্খলতা করেছে। আমরা তাদের বলব হরতালের কর্মসূচিতে তারা যেন লাঠিসোটা নিয়ে অনুপ্রবেশ না করে। তারা তাদের মতো থাকবে আমরা আমাদের মতো থাকব।
- রাষ্ট্রপতির সাথে নরেন্দ্র মোদির সৌজন্য সাক্ষাৎ
নিজদেশে ফিরে যাওয়ার আগেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার পর তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।
এসময় বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নে দিল্লি সবসময় বিশ্বস্ত বন্ধু হিসেবে থাকবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৈঠকে তারা দুই দেশের সম্পর্ক, উন্নয়ন, অগ্রগতিসহ নানা বিষয় নিয়ে আলাপ করেন। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
- বিদায় নরেন্দ্র মোদি
দুইদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯ টায় মোদিকে বহনকারী চার্টার্ড বিমানটি দিল্লির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
সফর শেষে এক টুইটে মোদি লিখেছেন, ‘আমার সফরকালে বাংলাদেশের জনগণ যে আন্তরিকতা দেখিয়েছেন, সে জন্য আমি তাঁদেরকে ধন্যবাদ জানাই। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তাঁর উষ্ণ আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। আমার বিশ্বাস, এই সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও দৃঢ় করবে।’
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























