ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২১, ২৮ মার্চ ২০২১
আপডেট: ১৮:৩২, ২৮ মার্চ ২০২১

বাংলাদেশ অচল করে দেওয়ার হুমকি দিলেন মামুনুল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় হেফাজতে ইসলাম ডেকেছে দেশব্যাপী হরতাল। আর এই হরতালে সরকার বাধা দিলে দাতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহসভাপতি মামুনুল হক।

রোববার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দুপুর পৌনে ১টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, ‘আবার যদি গুলি চলে, আর যদি কোনো ভাইয়ের রক্ত ঝরে, তাহলে টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে।‘

মামুনুল বলেন, ‘আজ হেফাজতের হরতাল কর্মসূচি ছিল, আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। তবু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে দেখা গেছে আওয়ামী গুন্ডা-পান্ডাদের। আমার শান্তিপ্রিয় ভাইদের ওপর পুলিশ-বিজিবি নির্বিচারে গুলি ছুড়েছে। মধুগড়ের বর্ষীয়ান আলেম হেফাজতের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ গুলিবিদ্ধ হয়েছেন। এটা সরকার কলঙ্কজনক অধ্যায় রচনা করল।আর যদি আমার কোনো ভাইকে হত্যা করা হয়, মনে রাখবেন, হেফাজতকে দমানো যাবে না। বরং আপনি আপনার গদি টেকাতে পারবেন না।’

মামুনুল হক প্রশ্ন রাখেন, ‘হাটহাজারীতে, ব্রাহ্মণবাড়িয়ায় আমার ভাইয়ের রক্ত পান করেছেন। পীর সাহেবকে রক্তাক্ত করেছেন, নির্বিচারে গুলি ছুড়ছেন- এরপরেও কি আপনাদের রক্ত পিপাসা মেটেনি? এভাবে গোটা বাংলাদেশের জনগণকে খুন করে আপনারা কি রাম রাজত্ব চালাতে চান?’

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। রক্ত ঝরিয়ে রাজপথ থেকে হেফাজত কর্মীদের সরানো যাবে না। আবার যদি আমার কোনো ভাইয়ের রক্ত ঝরে, হত্যা করা হয়, আর একটি গুলিও যদি ছোড়া হয়, তাহলে গোটা দেশকে অচল করে দেওয়া হবে।’

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়