ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ১০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৩, ২৮ মার্চ ২০২১
আপডেট: ২২:২৪, ২৮ মার্চ ২০২১

হরতাল কর্মসূচি থেকে পিছু হটল হেফাজত, দোয়া-বিক্ষোভ

হেফাজতের হরতাল

হেফাজতের হরতাল

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যা ও হামলার প্রতিবাদে রোববার সারাদেশে হরতাল পালন করেছে হেফাজতে ইসলাম। হরতাল শেষে নতুন কর্মসূচির  ঘোষণা দিয়েছে দলটি।

নতুন কর্মসূচি অনুযায়ী সোমবার (২৯ মার্চ) দোয়া ও শুক্রবার (২ এপ্রিল) সারাদেশে বিক্ষোভ করবে হেফাজতে ইসলাম। রোববার (২৮ মার্চ) রাজধানীর পল্টনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জেহাদী।

একই সাথে কিছু দাবি তুলেছে হেফাজতে ইসলাম। তাদের দাবি হচ্ছে-

১. সারাদেশে বিভিন্ন স্থানে হেফাজত কর্মীদের ওপর হামলাকারী দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২. আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

৩. সারাদেশে হেফাজতকর্মী যাদের আটক করা হয়েছে তাদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে।

উল্লেখ্য, গত ২৬ মার্চ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এতে বিক্ষোভ শুরু করে হেফাজতে ইসলাম। শুক্রবারের সেই বিক্ষোভে হেফাজতের নেতাকর্মীসহ বেশ কয়েকজন নিহত হন। ফলে রোববার সারাদেশে হরতালের ডাক দেয় দলটি।

হেফাজতের মিছিল

সকাল থেকেই মিছিল নিয়ে বের হয় হেফাজতকর্মীরা

হরতালের সমর্থনে রোববার সকাল থেকেই রাজধানীর চিটাগাং রোড, মোহাম্মদপুর, উত্তরা, লালবাগ, কামরাঙ্গীরচরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে মিছিল বের করতে দেখা গেছে। এসব মিছিলে কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

হেফাজতের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের নেতৃত্বে সকালে মোহাম্মদপুর এলাকায় মিছিল বের করা হয়। এসময় মিছিলকারীরা সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নেয়।

উত্তাল ব্রাহ্মণবড়িয়া

হরতালে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া

হেফাজতের ডাকা হরতালে রোববার সকাল থেকে উত্তাল ছিল ব্রাহ্মণবাড়িয়া। এদিন হরতাল সমর্থকরা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়, জেলা পরিষদ ভবন ও স্থানীয় প্রেস ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

এছাড়াও তারা প্রেস ক্লাবে ইট-পাটকেল নিক্ষেপ করে সাংবাদিকদের অবরুদ্ধ করে রেখেছে। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি গুরুতর আহত হয়েছেন। এ দিন সরাইলে গুলিতে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ

হেফাজতের হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ

হেফাজতে ইসলামের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সকাল থেকেই হরতালের মাঝে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে একত্র হতে থাকেন আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় নেতাকর্মীরা হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং হরতাল প্রতিরোধের ঘোষণা দেন।

পল্টনে আওয়ামী লীগ-হেফাজতের ধাওয়া-পালটা ধাওয়া

পল্টনে হেফাজত ও আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

রোববার দুপুরে লাঠি হাতে নিয়ে রাজধানীর পল্টন মোড়ে হরতালের পক্ষে অবস্থান কর্মসূচি পালন করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এসময় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময়ে পল্টনে আওয়ামী লীগ-হেফাজত মুখোমুখি হয়। আর তার পরেই শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এসময় আওয়ামী লীগ ও হেফাজতে ইসলাম দুই পক্ষকেই ইট-পাটকেল ছুঁড়তে দেখা গেছে।

বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী

হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের ‘নির্দেশনা’ দিয়ে বিএনপি নেত্রী নিপুণ গ্রেফতার

হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা প্রদান করায় এক কর্মীসহ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নারী ওশিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, নিপুণ রায় চৌধুরী হেফাজতের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পুড়ানোর নির্দেশনা দেন। সেই অনুসারে নিপুণের অনুসারী আরমান ও খোরশেদ গাড়িতে আগুন ধরান এবং ছবি নিপুণ রায়ের হোয়াটসঅ্যাপে পাঠান। সকল প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র।

যদিও নিপুণের পরিবার বলছে, ‘কোনো কাগজপত্র ছাড়ায় তাকে সাদা পোশাকের পুলিশ সদস্যরা চারতলায় উঠে নিয়ে যায়। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সবগুলোতে তিনি জামিনে আছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

নাশকতা বন্ধ না করলে কঠোর হবে সরকার

সারাদেশে ডাকা হরতাল নিয়ে হেফাজতে ইসলামকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একইসাথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, নাশকতা বন্ধ না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এসব পথ থেকে সরে আসতে সরকার তাদের প্রতি আহ্বান জানাচ্ছে। অন্যথায় মানুষের জানমাল রক্ষা ও দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়