ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ২ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:০৮, ২ এপ্রিল ২০২১

বিমানবন্দরে ৮ মাসের শিশুকে ফেলে সৌদিফেরত মা

এপিবিএনের সদস্যের কোলে শিশুটি

এপিবিএনের সদস্যের কোলে শিশুটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ মাসের মেয়ে শিশুকে ফেলে গিয়েছেন এক সৌদিফেরত মা।  শুক্রবার সকাল ৮টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য ওই শিশুকে উদ্ধার করেন।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, কান্নারত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে এপিবিএন মেস থেকে দুধ এনে তাকে খাওয়ানো হয়েছে।

বিমানববন্দর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় সৌদি আরব থেকে ঢাকায় আসেন ওই নারী। ফ্লাইট অবতরণের পর তিনি ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন। বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না, তাই সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। সকাল ৮টার দিকে হঠাৎ শিশুটিকে রেখে লাগেজ নিয়ে তিনি পালিয়ে যান। 

একই ফ্লাইটে ওই নারীর সঙ্গে আসা আরেক নারী জানান, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিল। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরেই এই সন্তানের জন্ম। তবে দেশে ফেরার আগেই তাদের ডিভোর্স হয়ে যায়। সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। প্লেনে কয়েকবার কান্নাকাটিও করেছেন।

আলমগীর হোসেন বলেন, ‘উদ্ধারের সময় শিশুটি অনেক কান্না করছিল। এপিবিএনের কয়েকজন নারী সদস্য তার কান্না থামানোর চেষ্টা করেন। পরে মেস থেকে তার জন্য দুধ আনা হয়। বর্তমানে শিশুটির কান্না থেমেছে।’

তিনি আরও বলেন, এখন তারা ভিডিও ফুটেজ দেখে শিশুটির মাকে শনাক্ত করার চেষ্টা করছেন। মাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। মাকে পাওয়া না গেলে শিশুটিকে কোনো আশ্রয়কেন্দ্রে রাখা হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়