ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪২, ২ এপ্রিল ২০২১
আপডেট: ২০:৪২, ২ এপ্রিল ২০২১

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার সমসময়ই ব্যর্থ: মির্জা ফখরুল

জিনিসের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার সমসময়ই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের সঙ্গে সরকার জড়িত থাকা কারণেই বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

রমজানের আগে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ উল্লেখ করতে গিয়ে শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব উদ্বিগ্ন ও চিন্তিত যে সামনে রমজান আসছে। ইতিমধ্যে চাল-ডাল-লবনসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস সেগুলোর দাম যেভাবে বেড়ে গেছে- এটাকে নিয়ন্ত্রণে রাখতে সরকার সবসময় ব্যর্থ হয়েছে।’

‘কারণ যারা দাম বাড়ায় সেই সিন্ডিকেটের সঙ্গে সরকার জড়িত। সরকারের লোকেরাই এই সিন্ডিকেট তৈরি করে। যার ফলেই এই অবস্থা। প্রকৃতপক্ষে এই অর্থনীতি এখন একটা দুর্নীতিবাজদের অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে, লুটেরাদের অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে।’-যোগ করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘যেটা আমরা বলে আসছি, বর্তমানে যে আওয়ামী লীগ সরকার এরা তো জনগণের পক্ষের সরকার নয়, তারা জনগণের বিরুদ্ধের সরকার। আগেও বলেছি, বর্গীরা যেমন আগে বাংলাদেশে আসতো, লুট করতো আর চলে যেতো। এরাও ঠিক একইভাবে লুট করছে এবং বিদেশে তাদের বিত্ত তৈরি করছে এবং সেখানে দেশের সম্পদ পাচার করে দিচ্ছে।’

সংবাদ সম্মেলনে সরকারকে পদত্যাগ করে নির্বাচনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপি মহাসচিব। পাশাপাশি বিরোধীদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সকল দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবি জানান।

কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলন সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়