ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৮, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:৪৯, ৩ এপ্রিল ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের হামলায় ২২ মামলা, আটক ৩২

ছবি: বিবিসি

ছবি: বিবিসি

হেফাজতে ইসলামের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ৩টি মামলা দায়ের করা হয়েছে। এনিয়ে সহিংসতার ঘটনায় তিনটি থানায় ২২টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৩২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ভাঙচুর ও অগ্নিযোগের ঘটনায় ১৮টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গত বুধবার পর্যন্ত সরাইল থানায় একটি ও আশুগঞ্জ থানায় দুইটি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়।

পুলিশের এক বিবৃতিতে জানা যায়, দায়েরকৃত ২২টি মামলায় ১০৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় ২৩ হাজার লোককে আসামি করা হয়েছে। এ সহিংসার ঘটনায় এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। এদিকে, হামলার ঘটনার সময় বেশ কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়েছে। পুলিশ এসব ভিডিও ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা করছে বলে জানায় যায়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রহিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার পর্যন্ত হামলা, ভাঙচুর ঘটনায় সদর থানায় ১৮টি মামলা হয়েছে। এসব মামলায় ১০৭ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাতনামা ২৩ হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এসময় তারা পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, ভূমি কর্মকর্তা কার্যালয়, পৌরসভা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, জেলা পরিষদ কার্যালয় ও ডাকবাংলো, খাঁটিহাতা হাইওয়ে থানা ভবন, আলাউদ্দিন সংগীতাঙ্গন, আলাউদ্দিন খাঁ পৌরমিলনায়তন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ বেশ কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়