ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৭, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৩৬, ৪ এপ্রিল ২০২১

লকডাউনের খবরে রাজধানী ছাড়ছে মানুষ

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা সংক্রমণ রোধে এক সপ্তাহের লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। সোমবার (৫ এপ্রিল) থেকে এই নির্দেশ কার্যকর হবে। এ খবরে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। এজন্য সব টার্মিনালে দেখা গেছে মানুষের উপচেপড়া ভিড়।

বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, রাজধানী ঢাকা ছাড়তে হাতে ও কাঁধে ব্যাগ নিয়ে ফুটপাতে হাঁটছেন নানা পেশার মানুষ। তাদের লক্ষ্য যেকোনো টার্মিনাল। লকডাউনের সময় কর্মহীন সময় কাটাতেই গ্রামের দিকে ছুটছেন তারা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষরা ঢাকা ছাড়ছেন।

ঢাকা ছাড়তে ফুটপাতে হাঁটা হাসান মাহমুদ বলেন, করোনার প্রাদুর্ভাবের শুরুর দিকে বেসরকারি চাকরিটি হারিয়ে ফেলি। করোনার প্রকোপ কমলে ঢাকায় এসে হাড়ি-পাতিলের ব্যবসা শুরু করেছিলাম। এখন সাতদিনের লকডাউন আসছে। ঢাকায় বেকার বসে থাকতে হবে। আর লকডাউন যেহেতু বাড়তে পারে তাই বাড়ি চলে যাচ্ছি। ঢাকায় টাকা আয় করতে না পারলে নিজেরও খরচ চালাব কেমনে?

গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে দেখা যায়, হাতে ব্যাগ, কোলে বাচ্চা নিয়ে নারী-পুরুষরা টার্মিনালগুলো ভিড় জমিয়েছেন। কিছু কিছু মানুষ মুখে মাস্ক ব্যবহার করলেও অনেকে স্বাস্থ্যবিধি ভালোভাবে মানছেন না।

বাস টার্মিনালের মতো লঞ্চ টার্মিনালেও মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। শনিবার সন্ধ্যার পর সদরঘাটে ভিড় হতে শুরু করে। এরই মধ্যে বিভিন্ন ছোট যানবাহন ও মোটরসাইকেলে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে যাচ্ছে অনেকে। লৌহজং ও শ্রীনগরের কয়েকটি স্পট থেকে ট্রলারে করে মারাত্মক ঝুঁকি নিয়ে পদ্মানদী পার হচ্ছে যাত্রীরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়