ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২০:২০, ৮ এপ্রিল ২০২১
আপডেট: ২০:৩১, ৮ এপ্রিল ২০২১

‘আল্লাহর গজবের’ চ্যালেঞ্জ দিয়েছেন মামুনুল হক

ফাইল ছবি

ফাইল ছবি

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বলেছেন, তিনি মিথ্যা বললে তার ওপর ‘আল্লাহর গজব’ পড়বে। যারা তার সমালোচনা করছেন, তাদের কাউকে একই রকম কথা বলার আহ্বান জানিয়েছেন। রিসোর্টের নারী জান্নাত আরা ঝর্ণার তার দ্বিতীয় স্ত্রী নন- এটা প্রমাণে ‘আল্লাহর গজবের’ চ্যালেঞ্জ দিয়েছেন মামুনুল হক। 

মামুনুলের দাবি, ইসলামি বিধান অনুযায়ী এই চ্যালেঞ্জ সবচেয়ে মারাত্মক। আর তিনি আত্মবিশ্বাসী বলেই এই সাহস দেখাতে পেরেছেন। অবশ্য মামুনুল এও বলেন যে, অসাবধানতার কারণে তিনি ক্ষতির মুখে পড়েছেন।

গত শনিবারের রিসোর্টকাণ্ডের পর বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে লাইভে এসে এমন কথা বললেন তিনি।

মামুনুল বলেন, ‘আমি নিজের বিবেকের কাছে, নিজের কাছে এবং আলিমুল গায়েব, সর্বজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পষ্টভাবে নিষ্কলুষ। যে ধরণের অভিযোগ দিয়ে আমার চরিত্রকে হরণ করার অপচেষ্টা করা হচ্ছে, সে বিষয়ে আমি নিরপরাধ এবং এই ধরণের কোনো চারিত্রিক কোনো কালিমা আমার উপর নেই। এই বিষয়ে আমি এতটাই নিজের ওপর কনফিডেন্ট।’

তিনি বলেন, ‘সেই জায়গাটা থেকেই আমি মোবাহলা করার মতো সৎ সাহস আমি দেখিয়েছি।’

মোবাহলা মানে কী, সেটি ব্যাখ্যা করে হেফাজত নেতা বলেন, ‘সবাই কথাটা বুঝতে না পারলেও যারা আল্লাহর কোরআন সম্পর্কে জ্ঞান রয়েছে, তারা জানেন মোবাহলা বিষয়টা কেমন।

‘ইসলামের আলোকে কোরআনের আলোকে কোনো একটি বিষয় যখন চূড়ান্ত পর্যায়ে অমীমাংসিত হয়ে যায়, বিতর্কে আর যখন কোনো মীমাংসার সুযোগ না থাকে, কোরআন বর্ণিত সর্বশেষ সমাধানের পথটাই হলো মুবাহালার পথ।’

তিনি বলেন, ‘সেই নারীর সঙ্গে দুই বছর পূর্বের বিবাহ বন্ধন যদি শরিয়তসম্মতভাবে সম্পাদিত না হয়ে থাকে, জান্নাত আর ঝর্ণা আমার দ্বিতীয়া স্ত্রী- এই বিষয়ে যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি, তাহলে আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, আমার উপর গজব নাজিল হউক।

‘যদি কেউ আমার এই কথাকে অস্বীকার করতে চায়, যদি কেউ মুমিনের সন্তান ঈমানদার মুসলিম যদি হয়ে থাকে, তাহলে তাকে আমার পক্ষ থেকে আমন্ত্রণ থাকল, আপনিও এই চ্যালেঞ্জ গ্রহণ করুন, আপনিও বলুন, আপনি যদি আমার প্রতি মিথ্যে অপবাদকারী হয়ে থাকেন তাহলে আপনার উপর আল্লাহর গজব নাজিল হউক। দেখি, এই ধরণের সৎ সাহস কোনো মায়ের সন্তান রাখেন কি না।’

 

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়