ঢাকা, মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ৮ এপ্রিল ২০২১
আপডেট: ২২:৫০, ৮ এপ্রিল ২০২১

স্ত্রীকে সন্তুষ্ট করতে সত্য গোপন করা যায়: মামুনুল

কথিত দ্বিতীয় বিয়ের দাবির সত্যতা নিয়ে প্রশ্নের মুখে পড়া হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক দাবি করেছেন, স্ত্রীকে খুশি করতে সীমিত ক্ষেত্রে সত্য গোপনের অধিকার ইসলাম তাকে দিয়েছে।

নারায়ণগঞ্জের রিসোর্টে নারী নিয়ে অবরুদ্ধ হওয়ার পর তাকে দ্বিতীয় স্ত্রী দাবি করা নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে ফেসবুকে এসে বৃহস্পতিবার আধা ঘণ্টারও বেশি বক্তব্য রাখেন এই ধর্মীয় বক্তা। এ সময় তিনি এই দাবি করেন।

গত শনিবার সোনারগাঁওয়ের র‌য়্যাল রিসোর্টে অবরুদ্ধ হওয়ার দিন চার সন্তানের স্ত্রী আমেন তাইয়্যেবাকে ফোন করে যে কথা তিনি বলেছেন, সেটি এই ফেসবুক লাইভে এসে অস্বীকার করেননি তিনি। তবে ফোনালাপ ফাঁস করায় চটেছেন। বলেছেন, তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে।

গণমাধ্যম এবং ফেসবুকে ফাঁস হওয়া কথোপকথনে শোনা যায় মামুনুল তাকে বলেছেন, তার সঙ্গীনি জনৈক শহীদুল ইসলামের স্ত্রী। ঘটনাচক্রে ওই কথা (স্ত্রী পরিচয় দেয়া) বলতে বাধ্য হয়েছেন তিনি।

মামুনুল ফেসবুক লাইভে বলেন, ‘ইসলামি শরিয়তের মধ্যেও এ ব্যাপারে সম্পূর্ণ এখতিয়ার প্রদান করা হয়েছে যে, স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য, স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে, সীমিত ক্ষেত্রে সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে।’

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় ফেসবুক লাইভ শুরু হওয়ার পর মামুনুলের স্ত্রী তার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এর বাসা থেকে সন্তানদেরকে নিয়ে বের হয়ে যান। তিনি বৃহস্পতিবার পর্যন্ত বাসায় ফেরেননি।

মামুনুল বলেন, ‘একাধিক বিয়ে করার ক্ষেত্রে আমার স্ত্রীকে আমি কীভাবে ম্যানেজ করব, কোন কথা দিয়ে তাকে আমি প্রবোধ দেব, তার সঙ্গে আমি কোন পরিস্থিতে কোন কথা বলে সান্ত্বনা দেব, সেটিও আমার ব্যক্তিগত ব্যাপার।’

তাদের দাম্পত্য জীবন নিয়ে কাউকে মাথা ঘামানোর দরকার নেই- এমন বার্তা দিয়ে হেফাজত নেতা বলেন, ‘সে বিষযে যদি কোনো অভিযোগ থেকেও থাকে, তাহলে সেটি থাকবে একান্তই স্ত্রীর।

‘আমি জানতে চাই আমার কোনো স্ত্রী কি কোনোদিন কখনও কোথাও বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অথবা কোনো আদালতের কাছে আমার ব্যাপারে কি কোনো অভিযোগ দায়ের করেছে? তাহলে কেন আমার স্ত্রীর অধিকার নিয়ে গায়ে পড়ে কিছু মানুষ অতি উৎসাহী হয়ে আজকে আমাকে ঘায়েল করবার চেষ্টা করছে?’

ভিডিও লিংক

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়