ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ২০:৫০, ১৪ এপ্রিল ২০২১

দেশে করোনা মোকাবিলায় ১.০৪ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

প্রতিদিনই বাংলাদেশে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সেইসাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হার। দেশে করোনার বিস্তার রোধে কয়েকবার লকডাউন দিয়েও কমানো যাচ্ছেনা করোনার সংক্রমণ। আজ থেকে দেওয়া হয়েছে 'সর্বাত্মক লকডাউন'ও। এমন অবস্থায় বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্ব ব্যাংক। 

টিকা কেনাসহ করোনা মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে তিন চুক্তির আওতায় ১ দশমিক শূন্য ৪ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক।

বুধবার (১৪ এপ্রিল) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত ঋণচুক্তি হয়েছে।

চুক্তিতে সই করেন ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন।

বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘করোনাভাইরাস থেকে যাওয়ায় বিশ্বজুড়ে অসংখ্য প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। তারপরও বাংলাদেশ প্রণোদনা ঘোষণা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে করোনাকে বেশ ভালোভাবেই মোকাবিলা করেছে। কিন্তু অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশকে টিকাদানের ওপর নির্ভর করতে হবে। এই অর্থায়নের আওতায় বাংলাদেশের মোট জনসংখ্যার তিনভাগের একভাগ মানুষকে টিকা প্রদান করা যাবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোয় বেসরকারি বিনিয়োগ বাড়বে। পাশাপাশি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমেরও উন্নয়ন ঘটবে।’

ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, ‘এই অর্থায়নের ফলে দেশের সাধারণ মানুষকে টিকা প্রদান করা যাবে। এভাবে করোনা মোকাবিলা করে অর্থনীতিকে পুনরুদ্ধার ও স্থিতিশীল রাখা যাবে।’

উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনেই ৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে দেশে এই মহামারীতে প্রাণ হারালেন মোট ৯ হাজার ৯৮৭ জন। এছাড়াও দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ১৭০ জনে। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়