ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৯, ১৮ মে ২০২১
আপডেট: ২২:৪৭, ১৮ মে ২০২১

কানাডার কাছে ২০ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ

করোনাভাইরাস প্রতিরোধে কানাডার কাছে অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনাওয়ে প্রিফন্টেইন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী কানাডার রাষ্ট্রদূতকে জানান, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকা টিকার ৩ কোটি ডোজ সংগ্রহের চুক্তি করেছিল বাংলাদেশ। কিন্তু ভারত করোনার কঠিন পরিস্থিতিতে রয়েছে। এর ফলে তাদের কাছ থেকে মাত্র ১ কোটি ২ লাখ ডোজ টিকা পাওয়া গেছে। বাংলাদেশে দ্বিতীয় ডোজ চালু রাখার জন্য অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ভিত্তিতে প্রয়োজন। বর্তমানে এটি বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, কানাডা সরকার উন্নয়নশীল দেশগুলোতে অ্যাস্ট্রাজেনেকার বাড়তি টিকা বিতরণ করতে পারে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রী অনিতা আনন্দ। তাই কমপক্ষে ২০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরিভিত্তিতে বাংলাদেশকে দিতে ব্যবস্থা নিতে কানাডার হাইকমিশনারের প্রতি অনুরোধ করা হয়েছে। 

মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পৃথকভাবে টিকা দেয়ার ক্ষেত্রে সহায়তা দিতেও কানাডার প্রতি আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়