ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪০, ১৯ মে ২০২১
আপডেট: ১১:৩৯, ২০ মে ২০২১

বিচার প্রশাসন ইনস্টিটিউটের নতুন ডিজি বিচারপতি নাজমুন আরা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বুধবার (১৯ মে) এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘১৯৯৫ সালের বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইনের ১১(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নাজমুন আরা সুলতানাকে তার যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য নিয়োগ প্রদান করলেন।’

এ পদে থাকাকালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি খোন্দকার মূসা খালেদের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বৃহস্পতিবার শেষ হচ্ছে।

বিচারপতি নাজমুন আরা সুলতানা দেশের প্রথম নারী বিচারক হিসেবে ১৯৭৫ সালের ২০ ডিসেম্বর  মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন এবং ধাপে ধাপে জেলা জজ হিসেবে পদোন্নতি পান। এরপর  প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার সরকার গঠন করলে ২০০০ সালে হাইকোর্ট বিভাগের প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০১১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলেই তিনি আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি হিসেবে নিয়োগ পান।  ২০১৭ সালের ৭ জুলাই অবসরে যান তিনি।

এবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রথম নারী মহাপরিচালক হিসেবেও নিয়োগ পেলেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়