ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৮, ২১ মে ২০২১
আপডেট: ১০:৩০, ২২ মে ২০২১

তরুণ ও নারীদের কর্মদক্ষতা বাড়াতে বাংলাদেশকে ৫ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

তরুণ ও নারীদের কর্মদক্ষতা বাড়াতে বাংলাদেশকে ৫ হাজার ১০০ (প্রতি ডলার ৮৫ টাকা ধরে) কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বিদেশফেরত শ্রমিকদের শ্রমবাজারে সম্পৃক্ত করার পাশাপাশি দরিদ্রদের জীবনযাত্রার মান উন্নয়নে দুইটি প্রকল্পে এই ঋণ অনুদোমন করেছে বিশ্ব ব্যাংক।

বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব ব্যাংকের এই ঋণের মাধ্যমে বাংলাদেশে দরিদ্র-সুবিধাবঞ্চিত নারী, তরুণ ও বিদেশফেরত শ্রমিকসহ সাড়ে ১৭ লাখের বেশি মানুষ উপকৃত হবেন।

এতে আরো বলা হয়, মোট ঋণের অর্ধেক তথা ৩০০ মিলিয়ন ডলার দক্ষতা উন্নয়ন সংক্রান্ত প্রকল্পে ব্যয় করা হবে। এই প্রকল্পের মাধ্যমে ১০ লাখের বেশি তরুণ ও বিদেশফেরত শ্রমিক ভবিষ্যতের জন্যে নিজেদের কর্মদক্ষতা বাড়াতে পারবেন।

এই প্রকল্পের মাধ্যমে তরুণ, নারী ও প্রতিবন্ধী সুবিধাবঞ্চিতদের প্রশিক্ষণ দেয়া হবে যাতে তারা মহামারি চলাকালে বা মহামারির পর শ্রমবাজারে নিজেদের সম্পৃক্ত করতে পারেন।

বাকি ৩০০ মিলিয়ন ডলার ব্যয় করা হবে উদ্যোক্তা সৃষ্টি বিষয়ক প্রকল্পে। এই প্রকল্পের মাধ্যমে ২০টি জেলার ৩২শ গ্রামের প্রায় সাড়ে সাত লাখ দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে।

বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও ভুটানের দায়িত্বে থাকা বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর দানদান চেন বলেছেন, করোনায় বাংলাদেশে লাখ লাখ মানুষ, বিশেষ করে— তরুণ, নারী শ্রমিক ও বিদেশফেরত ব্যক্তিদের জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রকল্প দুটির মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রার মান বাড়ানো ও সুবিধাবঞ্চিতদের প্রশিক্ষণ দিয়ে তাদের ভবিষ্যৎ শ্রমবাজারের জন্যে প্রস্তুত করা হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়