ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪, ২১ মে ২০২১
আপডেট: ১০:০৫, ২২ মে ২০২১

করোনা পরবর্তী জটিলতায় খালেদা জিয়ার হৃদযন্ত্র ও কিডনি আক্রান্ত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে করোনা পরবর্তী জটিলতার কারণে তার হৃদযন্ত্র ও কিডনি কিছুটা আক্রান্ত হওয়ায় চিকিৎসকরা উদ্বিগ্ন।

শুক্রবার (২১ মে) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমি গতকাল (বৃহস্পতিবার) রাতে চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এ সময় আমি তার মুখে হাসি দেখেছি। করোনায় আক্রান্ত হওয়ার পর বিগত দিনগুলোতে দেখা যায়নি। একেবারেই ছিল না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘চেয়ারপারসনের চিকিৎসায় হাসপাতাল কর্তৃক গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা আমাকে সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, তার অক্সিজেন স্যাচুরেশন এখন বেশ ভালো, তার টেম্পারেচারটা এখন নেই এবং তার শ্বাসকষ্টও নেই।’

‘তবে কোভিড পরবর্তী জটিলতায় খালেদা জিয়ার হৃদযন্ত্র ও কিডনি কিছুটা অ্যাফেক্টেড হওয়ায় চিকিৎসকরা উদ্বিগ্ন’ যোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘তারা চেষ্টা করছেন যে, এটাকে কী করে তারা নিরাময় করবেন। তবে তার উন্নত চিকিৎসার জন্য যেসব যন্ত্রপাতি দরকার সেটা এখানে নেই।’

তিনি বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে এই কারণেই পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল।’

বিএনপি মহাসচিব বলেন, ‘খালেদা জিয়ার মেডিকেল বোর্ড প্রতিদিন তার অবস্থা মনিটর করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে। একইসঙ্গে তারা আমেরিকা ও ইংল্যান্ড- দুই দেশে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছে।’

উল্লেখ্য, গত ১১ এপ্রিল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া। পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন।....বিস্তারিত

সেদিন রাতে জানা যায় খালেদা জিয়া একাই নন, তার বাসা ‘ফিরোজা’র নয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়াকে দেখে এসে বিষয়টি গণমাধ্যমে জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন।....বিস্তারিত

২৪ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয় খালেদা জিয়ার। সে রিপোর্টেও করোনা পজিটিভ আসে। পরে ২৮ এপ্রিল করোনায় আক্রান্ত খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ৩ মে বিকালে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয় অক্সিজেন দিতে।.... বিস্তারিত

বৃহস্পতিবার (৬ মে) সকালে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে চায় তার পরিবার। কিন্তু সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয় নি।.... বিস্তারিত

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়