ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৭, ২৩ মে ২০২১
আপডেট: ১৯:১৭, ২৩ মে ২০২১

বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিত

সম্প্রতি বাংলাদেশের পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ লেখা থেকে ‘ইসরায়েল ব্যতীত’ অংশটুকু বাদ দিয়ে  নতুনভাবে তৈরি করা হয়েছে। এ নিয়ে শনিবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে বাংলাদেশ। এমন অবস্থায় দেখা দিয়েছে বিভ্রান্তি। 

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশি ই-পাসপোর্টের ‘আন্তর্জাতিক মান’ বজায় রাখার জন্য ওই অংশে এই পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে।

রোববার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশি ই-পাসপোর্টে ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিকে স্বাগত জানিয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে দেয়া টুইট পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। মূলত বাংলাদেশের ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ অংশটুকুর অনুপস্থিতির কারণে ধোঁয়াশা তৈরি হয়েছে।

‘আসলে বাংলাদেশি ই-পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য ওই অংশটুকু তুলে নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যপ্রাচ্য নীতিতে কোনো পরিবর্তন আসবে না। বাংলাদেশি পাসপোর্টধারীদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা অপরিবর্তিতই থাকছে। ইসরায়েল ইস্যুতে বাংলাদেশ সরকার অবস্থান পরিবর্তন করেনি এবং এই দীর্ঘদিনের অবস্থানই ধরে রাখবে’—বলা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা ও আল আকসা মসজিদে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর নৃশংসতার নিন্দাও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়