ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৮, ২৪ মে ২০২১
আপডেট: ১২:৩৯, ২৪ মে ২০২১

কক্সবাজার থেকে ৬০৫ কিমি দূরে ঘূর্ণিঝড় ‘ইয়াস’, রাতে শক্তি বাড়াবে

ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে গভীর নিম্নচাপ। পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে, সেখানকার আবহাওয়া দফতরের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। ঢাকা আবহাওয়া অধিদফতর জানিয়েছে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে ইয়াস। 

আনন্দবাজার বলছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তর ও উত্তর-পশ্চিমে এগোতে থাকবে এই ঘূর্ণিঝড়। সোমবার (২৪ মে) রাতের মধ্যে আরও শক্তি বাড়াবে ইয়াস। বুধবার স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। এমনটাই পূর্বাভাস দিয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর। 

এদিকে সোমবার (২৪ মে) সকালে এক বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতরও জানিয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে একই এলাকায় (১৬.৬০ উত্তর অক্ষাংশ এবং ৮৯.৫০ পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আজ (সোমবার) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে ঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে না যেতে বলা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়