ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ২৪ মে ২০২১
আপডেট: ১৮:৪৫, ২৪ মে ২০২১

ঘূর্ণিঝড় ‘ইয়াস’: ফসল রক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের পরামর্শ

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায়, ঘূর্ণিঝড়ের ক্ষতির হাত থেকে ফসলকে রক্ষার জন্য কৃষি সম্প্রসারণ অধিদফতর নিম্নলিখিত কৃষি আবহাওয়া বিষয়ক পরামর্শ প্রদান করেছে।

সোমবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে  কৃষি সম্প্রসারণ অধিদফতর।

পরামর্শগুলো হলো-

১। বোরো ধান ৮০% পরিপক্ব হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে ফেলুন।

২। সংগ্রহ করা ফসল পরিবহন না করা গেলে মাঠে গাদা করে পলিথিন সিট দিয়ে ঢেকে রাখুন যেন ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতি না হয়।

৩। দ্রুত পরিপক্ব সবজি ও ফল বিশেষ করে আম ও লিচু সংগ্রহ করে ফেলুন।

৪। সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকুন।

৫। দণ্ডায়মান ফসলকে পানির স্রোত থেকে রক্ষার জন্য বোরো ধানের জমির আইল উঁচু করে দিন।

৬। নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন যেন জমিতে পানি জমে না থাকতে পারে।

৭। খামারজাত সকল পণ্য নিরাপদ স্থানে রাখুন।

৮। আখের ঝাড় বেঁধে দিন, কলা ও অন্যান্য উদ্যানতাত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।

৯। পুকুরের চারপাশ জাল দিয়ে ঘিরে দিন যেন ভারী বৃষ্টিপাতের পানিতে মাছ ভেসে না যায়।

১০। গবাদিপশু ও হাঁস-মুরগি শুকনো ও নিরাপদ জায়গায় রাখুন।

আবহাওয়া অধিদফতরের বরাত দিয়ে কৃষি অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ২৫-২৭ মে  বাংলাদেশের ৩০টি জেলায় ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

জেলাগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, শরীয়তপুর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

‘দিক পরিবর্তন না করলে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব বাংলাদেশে পড়বে না’

সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’, সমুদ্রবন্দরে ২ নং সংকেত

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়