ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৭, ২৭ মে ২০২১
আপডেট: ১৩:৫২, ২৭ মে ২০২১

ডাক বাক্সের আদলে নির্মিত ‘ডাক ভবন’ উদ্বোধন

ডাক বাক্সের আদলে নবনির্মিত ‘ডাক ভবন’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ডাক অধিদফতরের এই নান্দনিক ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এর উদ্বোধন করেন তিনি। এর আগে ডাক বিভাগের নতুন ভবন উদ্বোধন মুহূর্ত স্মরণীয় করে রাখতে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ডাক ভবনে উপস্থিত থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন এবং ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন প্রমুখ স্বাস্থ্যবিধি মেনে ডাক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে জানা যায়, ৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এই ভবনটি নির্মাণ করা হয়েছে। ২টি বেইজমেন্টসহ ১৪ তলা ভবন নির্মাণের জন্য বাংলাদেশ ডাক অধিদফতরের সদর দফতর শীর্ষক প্রকল্পটি গত ২০ মার্চ ২০১৮ তারিখ একনেকে অনুমোদিত হয়। নবনির্মিত ডাক ভবনটিতে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিকেল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্য প্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়