ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:১০, ২৮ মে ২০২১
আপডেট: ১১:২৫, ২৮ মে ২০২১

হেফাজত নেতাদের অবৈধ সম্পদের খোঁজে দুদক

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্ধশতাধিক নেতার অবৈধ সম্পদের খোঁজে ৬ সদস্যের কমিটি গঠন করে ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (২৭ মে) দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার এ তথ্য জানান।

তিনি বলেন, বাবুনগরী, মামুনুল হকসহ হেফাজতের অর্ধশতাধিক নেতার অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে দুদকের পরিচালক আকতার হোসেন আজাদের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি গঠন করেছে দুদক। ব্যাংকসহ সরকারের বিভিন্ন দফতরে চিঠি দেওয়া হয়েছে ঐ সব জায়গা থেকে তথ্য পাওয়ার পর পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।

এদিকে দুদক সূত্রে জানা যায়, বাবুনগরী ও মামুনুলসহ হেফাজতের অর্ধশত নেতাদের বিরুদ্ধে সংগঠনের তহবিল, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও ইসলামী প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা এবং ধর্মীয় কাজের জন্য আসা বিদেশি সহায়তা আত্মসাতের অভিযোগ উঠেছে। যাচাই-বাছাইয়ে এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানে নেমেছে দুদক।

সূত্র জানায়, বাবুনগরীসহ ৫৪ নেতার ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

দুদক সূত্রে আরও জানা যায়, হেফাজতের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে ৬ কোটি টাকার লেনদেন, মানি লন্ডারিং ও অবৈধ সম্পদের অভিযোগ পেয়েছে দুদক। এই নেতার ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। ইতোমধ্যেই তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমে পড়েছে দুদক।

ব্যাংক অ্যাকাউন্ট তলব করা অন্য নেতাদের মধ্যে রয়েছেন- হেফাজতের সাবেক সহসভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইআতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ প্রমুখ।

উল্লেখ্য, এরই মধ্যে হেফাজতে ইসলামের অর্থের জোগানদাতা হিসেবে ৩১৩ জনকে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়