ঢাকা, রোববার   ৩১ মে ২০২৬,   জ্যৈষ্ঠ ১৭ ১৪৩৩

প্রকাশিত: ১৫:৩২, ৫ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৫:৩২, ৫ সেপ্টেম্বর ২০১৯

২০২০ বিশ্বকাপ নিশ্চিত করলো বাংলার মেয়েরা

স্পোর্টস ডেস্ক: আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ জয়ে ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করলো বাংলাদেশ।

ফর্টহিলে টস হেরে প্রথমে ফিল্ডিং পায় বাংলাদেশ। তবে বোলিংয়ে নেমে আইরিশ মেয়েদের সুবিধা করতে দেননি ফাহিমা-সালমারা। পুরো ২০ ওভার খেললেও ৮৫ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ডের ইনিংস।

আইরিশ ইনিংসে বিশের ঘর পেরুতে পেরেছেন কেবল দুজন-অধিনায়ক লরা ডেলানি (২৫) আর এইমার রিচার্ডসন (২৫)। প্রেনডারগাস্ট করেন ১০ রান। বাকিরা দুই অংকও ছুঁতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ফাহিমা খাতুন। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় তিনি তুলে নেন ৩টি উইকেট।

৮৬ রানের লক্ষ্যে  ব্যাটিংয়ে নেমে বল অপচয়ের সঙ্গে নিয়মিত উইকেটের পতনে চাপে পড়ে বাংলাদেশের মেয়েরা। দুই ওপেনারসহ প্রথম চার ব্যাটসম্যানই সাজঘরে ফিরে যান ৩০ রানের মধ্যে।

এরপর রিতু মনিকে নিয়ে আস্তে আস্তে দলকে জয়ের পথে ফেরান সানজিদা। দুজনের ৩৮ রানের জুটিতে জয় যখন খুব কাছে, তখন রিতু মনি ও ফাহিমা খাতুন আউট হয়ে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

শেষপর্যন্ত সব শঙ্কা দূর করে ঠিকই জয় তুলে নেয় টিম টাইগ্রেস। সানজিদা ৩৭ বলে ৩২ রানে অপরাজিত থেকে জয়ে নোঙর ফেলেই মাঠ ছাড়েন। রিতু করেন ১৫ রান। ওপেনার মুর্শিদার ব্যাটে এসেছে ১৩।

আইনিউজ/এইচএ
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়