আই নিউজ ডেস্ক
নতুন নামে এলিট ফোর্স গঠনের চিন্তা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
নিজস্ব আইন ও কাঠামোর আওতায় নতুন নামে এলিট ফোর্স গঠনের কথা ভাবছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে র্যাবের নিজস্ব কোনো আইন নেই। এতদিন ব্যাটালিয়ন সংক্রান্ত আইনের আওতায় বাহিনীটি পরিচালিত হলেও সেটিকে সরকার সঠিক মনে করছে না। তাই শিগগিরই নতুন আইন প্রণয়ন করে পৃথক এলিট ফোর্স পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সোমবার রাজধানীর কুর্মিটোলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদর দপ্তরে র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন আইনে এলিট ফোর্সের কর্তৃত্ব, দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হবে। তিনি জানান, র্যাব নাম বহাল রাখা হবে নাকি নতুন নামে বাহিনী গঠন করা হবে, সেটি এখনও ভাবনার বিষয়। তবে নতুন আইনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর মতো র্যাবও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে বাহিনীটি প্রশ্নবিদ্ধ হয়েছিল। তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে বিভিন্ন বাহিনীকে ব্যবহার করেছিলেন। সেই প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বলে মন্তব্য করেন তিনি।
তবে প্রতিষ্ঠান হিসেবে র্যাবকে দায়ী করা ঠিক হবে না বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নতুন আইন ও নতুন কাঠামোর আওতায় বাহিনী গঠন করা হলে আন্তর্জাতিক মহল বিষয়টি নতুনভাবে বিবেচনা করতে পারে।
আগের মতো র্যাব রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত তিন মাসে অন্য কোনো বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি। “মর্নিং শোজ দ্য ডে” উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, সরকার বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায় না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে একটি শক্তিশালী এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে। সে কারণেই বিদ্যমান কাঠামো পরিবর্তন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়।
তিনি স্মরণ করিয়ে দেন, ২০০১ সালে বিএনপি সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই র্যাব গঠন করা হয়েছিল। শুরুতে বাহিনীটি মূল উদ্দেশ্য অনুযায়ী পরিচালিত হলেও পরবর্তীতে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়কেরা উপস্থিত ছিলেন।
ইএন/এসএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























