ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ৯ মে ২০২৬

তারেক রহমানের সভায় মৌলভীবাজারের নেতৃবৃন্দ

বিএনপির ইশতেহার এখন মানুষের ইশতেহার: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

“নির্বাচনের আগে দেওয়া বিএনপির ইশতেহার এখন বাংলাদেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে। দেশের মানুষ এই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে”— এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৯ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপনসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা।

তারেক রহমান বলেন, “আমি এমন একটি দেশ গড়তে চাই, যেখানে শিক্ষার্থীরা সুন্দর শিক্ষার পরিবেশ পাবে, নারী-পুরুষ নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা নির্যাতন, গুম ও খুনের শিকার হয়েছিল। তখন বিএনপি চেয়েছিল দেশে এমন একটি পরিবেশ তৈরি হোক, যেখানে তর্ক-বিতর্ক থাকবে, কথা বলার সুযোগ থাকবে, কিন্তু সহিংস পরিস্থিতি তৈরি হবে না।”

তিনি আরও বলেন, “ভোটের আগে জনগণকে দেওয়া অঙ্গীকার অনুযায়ী বিএনপি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। নির্বাচনের আগে দেওয়া বিএনপির ইশতেহার এখন দেশের মানুষের ইশতেহারে পরিণত হয়েছে।”

মূলত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের চাঙ্গা করতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আন্দোলনের পর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা এমপি ও মন্ত্রী হওয়ায় দলীয় কার্যক্রমে কিছুটা স্থবিরতা দেখা দিয়েছে বলে মনে করছে দলটি। সেই প্রেক্ষাপটে দলকে রাজপথে সক্রিয় করতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারম্যান।

এ সময় বিগত “ফ্যাসিস্ট আমলের” রাজনীতি পুনরায় ফিরিয়ে না আনার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, গুম-খুনের রাজনীতি থেকে দেশকে বেরিয়ে আসতে হবে।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ