ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ৩০ মে ২০২১
আপডেট: ২১:০৬, ৩০ মে ২০২১

সিলেটে ঘন ঘন ভূমিকম্প: জরুরি সভায় বসছে দুর্যোগ মন্ত্রণালয়

সিলেটে টানা দুইদিন ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়েছে। এমন অবস্থায় জরুরি সভায় বসছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সেলিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী মঙ্গলবার (১ জুন) বিকেল ৩টায় ভার্চুয়ালি এই জরুরি সভা হবে।

তিনি বলেন, সম্প্রতি সিলেট অঞ্চলে ঘন ঘন ভূমিকম্পের কারণে ‘দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী-২০১৯’ এর ৩.১.৪ অনুচ্ছেদ অনুযায়ী আগামী মঙ্গলবার (১ জুন) বিকেল তিনটায় ভূমিকম্প প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি কমিটির জরুরি সভা আহ্বান করা হয়েছে। কমিটির সভাপতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান সভায় সভাপতিত্ব করবেন।

উদ্ভূত পরিস্থিতিতে পরবর্তী সময়ে করণীয় নির্ধারণে সভায় আলোচনা করা হবে। জুম প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৬ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট অঞ্চলে পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়েছে।

শনিবার সকালে প্রথম দফা অনুভূত হয় ১০টা ৩৬ মিনিটে। ভূমিকম্পের সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়। এর রেশ কাটতে না কাটতেই ১০টা ৫১ মিনিটে, বেলা সাড়ে ১১টা ও ১১টা ৩৪ মিনিটে আবারো মৃদু ঝাঁকুনি অনুভূত হয় সিলেট অঞ্চলে। সবশেষ বড় ঝাঁকুনি অনুভূত হয় বেলা ২টায়।

এদিকে রোববার ভোরে ফের মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন ভোর ৪টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

বিশেষজ্ঞদের মতে সাধারণত বড় কোনো ভূমিকম্পের আগে বা পরে এমন দফায় দফায় মৃদু কম্পন হতে পারে। তাই এ বিষয়ে এখন থেকেই সতর্ক হতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়