নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:৪৬, ১ জুন ২০২১
তিন ঘণ্টায় রেকর্ড বৃষ্টি, রাজধানীতে জলাবদ্ধতার ভোগান্তি
রাজধানী ঢাকায় মঙ্গলবার (১ জুন) ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তুমুল বৃষ্টিপাত হয়েছে। একটানা তিন ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এর ফলে রাজধানীতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মানুষের ভোগান্তিও চরমে পৌঁছেছে।
বৃষ্টিতে বিভিন্ন এলাকার রাস্তা ডুবে যায়। অনেক স্থানে ইঞ্জিনে পানি প্রবেশ করে গাড়ি বন্ধ হয়ে যায়। আর এতে ভয়াবহ যানজট তৈরি হয় রাজধানীজুড়ে।
মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ নুরুল মাসুদ গণমাধ্যমকে বলেন, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ঢাকায় রেকর্ড পরিমাণ ৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর আজ সকাল ৬টার আগের ২৪ ঘণ্টায় হয়েছে ২১ মিলিমিটার বৃষ্টি। সব মিলিয়ে ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

প্রতি বছরই জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হয় রাজধানীবাসীকে। বৃষ্টি হলেই নগরীর অলিগলি ও ছোট পরিসরের রাস্তাগুলোতেও জলাবদ্ধতা দেখা দেয়। ফলে সামান্য বৃষ্টিতেই মতিঝিল, গুলিস্তান, কারওয়ান বাজার, ফার্মগেট, মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, বাড্ডা, মালিবাগ, রামপুরা, পুরান ঢাকা, খিলক্ষেতসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
আইটি কোম্পানিতে কর্মরত ফারুক হোসেন জানান, বেইলি রোড থেকে সকাল সাড়ে নয়টার একটু আগে অফিসের উদ্দেশ্যে রওনা দিই। সাড়ে ১১টার সময়ও বাড্ডা লিংক রোড পার হতে পারিনি। এদিকে রাস্তাতেও দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। রাস্তায় ময়লা পানি।

সুলতান আহমেদ নামে এক পথচারী বলেন, প্রতিবছরই বৃষ্টি হলে রাজধানীতে এমন জলাবদ্ধতা হয়। সাধারণ মানুষ পড়ে ভোগান্তিতে। কিন্তু এই জলাবদ্ধতা নিরসনের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর কোনো উদ্যোগ দেখা যায় না। যার মাশুল দিতে হয় আমাদের মতো সাধারণ মানুষদের। যারা আজ কাজে বের হয়েছেন তাদের প্রত্যেকে ভোগান্তিতে পড়েছেন।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আগামী ২৪ ঘণ্টা সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। পাঁচ দিনের বর্ধিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক




















