ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ১ জুন ২০২১
আপডেট: ১৯:১৩, ১ জুন ২০২১

একনেকে ‘প্রাইমারি স্কুল মিল’ প্রকল্প বাতিল

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের দুপুরের খাবার দিতে ‘প্রাইমারি স্কুল মিল’ নামের প্রকল্প বাতিল করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১ জুন) রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থাপিত ‘প্রাইমারি স্কুল মিল’ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ১৭ হাজার ২০০ কোটি টাকার বেশি। কিন্তু এটি অনুমোদন না দিয়ে ভিন্ন আঙ্গিকে প্রকল্প নেওয়ার জন্য ফেরত দেওয়া হয়েছে।

একনেক বৈঠকে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা বলেছেন— খিচুড়ি রান্না করতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়া এটির ব্যবস্থাপনা অনেক জটিলও হবে। তাই খিচুড়ি রান্নার পরিবর্তে দুধ, কলা বা অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা ভেবে দেখতে হবে। 

সেই সঙ্গে প্রকল্পটি বাস্তবায়নে সরকারি অর্থের পাশাপাশি সমাজের বিত্তবানদের অংশগ্রহণ নিশ্চিত করা যায় কিনা তারও প্রচেষ্টা চালানোর কথা বলেছেন তিনি। 

আরও পড়ুন: একনেকে অনুমোদন পেল ৫২৩৯ কোটি খরচে নয় প্রকল্প

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, আজ সভায় একটি প্রকল্প অনুমোদন পায়নি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। প্রধানমন্ত্রী এ প্রকল্পটি ভালোবাসেন, স্নেহ করেন। কিন্তু প্রকল্পটির স্ট্রাকচার নিয়ে তার সংশয় আছে। এজন্য তিনি নির্দেশনা দিয়ে প্রকল্পটি ফেরত পাঠিয়েছেন।

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির জোগান বাড়াতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ প্রকল্পের আওতায় দেশের ৪৯২ উপজেলা ও সিটি করপোরেশন এবং পৌরসভার ২১টি শিক্ষা থানার শিক্ষার্থীদের দুপুরে স্কুলে গরম খাবার দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

গরম খাবার বলতে মূলত ডাল আর স্থানীয় সবজি দিয়ে খিচুড়ি রান্না করে শিক্ষার্থীদের খাওয়ানো।

২০২১ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পাঁচ বছরমেয়াদি এ প্রকল্পের জন্য শুরুতে মোট ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৯৬১ কোটি টাকা। আজ একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। কিন্তু প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত পাঠানো হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়