ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪১, ৩ জুন ২০২১
আপডেট: ১১:৫৩, ৪ জুন ২০২১

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব নিলেন মকবুল হোসেন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন মকবুল হোসেন। গত ৩০ মে এক প্রজ্ঞাপনে এ পদটিতে পরিবর্তনের কথা জানিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে মন্ত্রণালয়ের বিদায়ী সচিব খাজা মিয়ার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন মকবুল হোসেন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা মকবুল হোসেন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। এর আগে তিনি সহকারী কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও পরিবেশ অধিদফতরের পরিচালক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতরের নিবন্ধকের দায়িত্ব পালন করেছেন মকবুল হোসেন।

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে অনার্স এবং ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেয়া মকবুল হোসেন দেশে-বিদেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি দাফতরিক প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, জার্মানি, ভিয়েতনাম, তুরস্ক, মিশর, শ্রীলংকা ও মালদ্বীপ সফর করেছেন।

মকবুল হোসেনের জন্ম কুষ্টিয়ার কুমারখালীর বল্লভপুর গ্রামের পৈত্রিক নিবাসে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়