ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০১, ৫ জুন ২০২১
আপডেট: ১৭:০৯, ৫ জুন ২০২১

গাছ লাগানোর মাধ্যমে সবুজ বাংলাকে আরও সবুজ করার আহ্বান

গাছ লাগানোর মাধ্যমে সবুজ বাংলাকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে সবাইকে তিনটি করে গাছ লাগানোর কথা বলেছেন।

শনিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে গণভবনে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০২১’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে একটি করে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সচিব জিয়াউল হাসান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরকারপ্রধান বলেন, আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমি নিজে বৃক্ষরোপণ করলাম। সেই সঙ্গে আমি দেশবাসীকে আহ্বান জানাব, যে যেখানে যতটুকু জায়গা পান গাছ লাগান।

তিনি বলেন, তিনটা করে গাছ লাগাতে পারলে সবচেয়ে ভালো হয়। সেটা যদি না পারেন একটা করে হলেও লাগাবেন। আমরা চাই যে একটা ফলদ, একটা বনজ, একটা ভেষজ—এ ধরনের গাছ লাগাবেন।

‘পরিবেশ রক্ষায়, নিজের আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে সব দিক থেকে যেটা সবচেয়ে বেশি উপযোগী সেটা হলো ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা’—বলেন প্রধানমন্ত্রী।

গাছের যত্ন করার ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, আপনারা সবাই গাছ লাগাবেন এবং গাছের যত্ন করবেন। শুধু গাছ লাগালে হবে না, গাছ যেন টিকে থাকে সে জন্য যত্ন করতে হবে। যে গাছ ফল দেবে, কাঠ দেবে অথবা ওষুধ দেবে—নানাভাবে উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এ দেশ আমাদের। আজ জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরও সবুজ করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। বাংলাদেশকে আমরা সোনার বাংলা হিসেবে গড়তে চাই।

‘আসুন আমরা সবাই মিলে ব্যাপকভাবে এ দেশে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরও সোনার সবুজ বাংলা করি’—বলেন সরকারপ্রধান।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়